ট্রেনে ও স্টেশনে ধূমপান করলে আইনি ব্যবস্থা: রেলমন্ত্রী

আপডেট : ০৯ ফেব্রুয়ারি ২০২২, ০৮:৪২ পিএম

রেল‌ওয়ে স্টেশন, প্লাটফর্ম ও ট্রেনের কামরাসহ সব এলাকাকে ধূমপান ও তামাকমুক্ত ঘোষণা করা হয়েছে। কেউ এই আইন না মানলে তাকে শাস্তির আওতায় আনা হবে।

বুধবার রেলভবনে রেলপথ মন্ত্রণালয়ের 'ইনিশিয়েটিভ টু মেক বাংলাদেশ রেলওয়ে টোবাকো ফ্রি' শীর্ষক প্রকল্পের উদ্বোধনী অনুষ্ঠানে রেলপথ মন্ত্রী মো. নূরুল ইসলাম সুজন এ কথা জানান।

রেলমন্ত্রী বলেন, শুধু আইন করে বা প্রচারণা বাড়িয়ে এটি বন্ধ করা সম্ভব নয়, যদি তামাকের উৎস বন্ধ করা না যায়। রেলওয়েতে প্রকাশ্যে বিড়ি-সিগারেট খাওয়া নিষেধ। যাত্রীরা যাতে তামাক জাতীয় দ্রব্য নিয়ে ট্রেনে ভ্রমণ করতে না পারেন, তার জন্য উদ্যোগ গ্রহণ করতে হবে।

মাঠ পর্যায়ে পরিকল্পনা নিয়ে সংশ্লিষ্ট সবার সহযোগিতায় এটি কার্যকর করা হবে উল্লেখ করেন মন্ত্রী।

যুক্তরাষ্ট্র ভিত্তিক আন্তর্জাতিক সংস্থা দ্য ইউনিয়নের অর্থায়নে সম্পূর্ণ অনুদানের ভিত্তিতে রেলপথ মন্ত্রণালয় এ প্রকল্প গ্রহণ করেছে। প্রকল্পের উদ্দেশ্য হচ্ছে শিশু, নারী, অসুস্থ ব্যক্তি, গর্ভবতী নারীসহ অধূমপায়ী যাত্রীদের পরোক্ষ ধূমপানের ক্ষতি থেকে সুরক্ষা দেওয়া এবং পানের পিকমুক্ত স্বাস্থ্যকর পরিবেশ নিশ্চিত করার লক্ষ্যে রেল স্টেশন ও ট্রেনের অভ্যন্তরে পান-জর্দা-সাদাপাতার ব্যবহার নিষিদ্ধকরণ।

প্রকল্পের কার্যক্রম উদ্বোধনী অনুষ্ঠানে রিসোর্স পারসন হিসেবে বক্তব্য দেন বাংলাদেশ ক্যান্সার সোসাইটির প্রকল্প পরিচালক ডা. গোলাম মহিউদ্দিন ফারুক, মাদকদ্রব্য ও নেশা নিরোধ সংস্থার প্রতিষ্ঠাতা ও সভাপতি অধ্যাপক ডা. অরূপ রতন চৌধুরী। উপস্থাপনা করেন রেলপথ মন্ত্রণালয়ের যুগ্ম সচিব জালাল উদ্দিন আহমেদ।

সভায় সভাপতিত্ব করেন রেলপথ মন্ত্রণালয়ের সচিব ড. মো. হুমায়ুন কবীর। এ সময় বাংলাদেশ রেলওয়ের মহাপরিচালক ধীরেন্দ্রনাথ মজুমদারসহ রেলপথ মন্ত্রণালয় ও বাংলাদেশ রেলওয় ঊর্ধ্বতন কয়েকজন কর্মকর্তাও বক্তব্য দেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত