বাবার সম্পত্তিতে হিন্দু নারীদের অধিকার প্রশ্নে হাইকোর্টের রুল

আপডেট : ১৫ ফেব্রুয়ারি ২০২২, ০৬:১৭ এএম

বাবার সম্পত্তিতে হিন্দু নারীদের অধিকারের প্রশ্নে রুল দিয়েছে উচ্চ আদালত। হিন্দু দায়ভাগা মতবাদের প্রথাগত আইন অনুযায়ী বাবার সম্পত্তিতে কন্যাদের অধিকার না থাকার বিধান কেন অসাংবিধানিক ও বেআইনি ঘোষণা করা হবে না, তা জানতে চেয়েছে হাইকোর্ট। একই সঙ্গে উত্তরাধিকার সূত্রে পাওয়া সম্পত্তিতে নারী ও পুরুষের মধ্যে যে বৈষম্য সে বিষয়ে ব্যবস্থা নিতে কেন নির্দেশ দেওয়া হবে না রুলে সেটিও জানতে চায় আদালত। পিতার সম্পত্তির ভাগ পেতে এক হিন্দু নারীর করা রিট আবেদনের ওপর শুনানি নিয়ে গতকাল সোমবার বিচারপতি মামনুন রহমান ও বিচারপতি খোন্দকার দিলীরুজ্জামানের ভার্চুয়াল হাইকোর্ট বেঞ্চ এ রুল দেয়। মন্ত্রিপরিষদ সচিব, আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রণালয়ের দুই সচিব, ধর্মবিষয়ক সচিব, হিন্দুধর্মীয় কল্যাণ ট্রাস্টসহ আট বিবাদীকে (রিট মামলার বিবাদী) এক সপ্তাহের মধ্যে রুলের জবাব দিতে বলা হয়েছে। সংশ্লিষ্ট আইনজীবীরা জানান, ২০ ফেব্রুয়ারি শুনানির দিন ধার্য রেখে রুল শুনানির জন্য ওই দিন হাইকোর্ট এ মামলায় অ্যামিকাস কিউরি (আদালতে আইনি সহায়তাকারী) নিয়োগ দিতে পারে। ভার্চুয়ালি রিট আবেদনের পক্ষে শুনানিতে ছিলেন আইনজীবী খায়রুল আলম চৌধুরী। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল বিপুল বাগমার।

মামলার নথির বরাতে আইনজীবীরা জানান, ২০২০ সালের ১৩ ডিসেম্বর মৃত্যুবরণ করেন বেসরকারি একটি ব্যাংকের ভাইস চেয়ারম্যান বনানীর বাসিন্দা অশোক দাসগুপ্ত। তিনি স্ত্রী রাখি দাসগুপ্ত, ছেলে অনির্বান দাসগুপ্ত এবং কন্যা অনন্যা দাসগুপ্তকে রেখে যান। অনন্যা দাসগুপ্তের অভিযোগ, হিন্দু আইনে নেই তাই পিতার রেখে যাওয়া সম্পত্তির ভাগ পাচ্ছেন না তিনি। পিতার সম্পত্তিতে ভাগ না পাওয়া সংক্রান্ত দায়ভাগা মতবাদের বিধান চ্যালেঞ্জ করে ১৩ ফেব্রুয়ারি হাইকোর্টে রিট আবেদন করেন অনন্যা দাসগুপ্ত।

ব্যারিস্টার খায়রুল আলম চৌধুরী দেশ রূপান্তরকে বলেন, ‘আবেদনকারীর পিতা কিছু সম্পত্তি রেখে গেছেন। হিন্দু সম্প্রদায়ের দায়ভাগা মতবাদের অনুসারীরা শত শত বছর ধরে এই প্রথা মেনে আসছে যে কন্যারা বাবার সম্পত্তিতে অধিকার পাবে না। দীর্ঘ দিন ধরে এটি মেনে আসার কারণে এটার একটা আইনি প্রয়োগ আছে, যা প্রথাগত আইন হিসেবে পরিচিত। আবেদনে আমরা বলেছি, এই প্রথাগত আইনের ফলে হিন্দু ব্যক্তির সম্পত্তিতে কন্যার অধিকার না থাকা অসাংবিধানিক। কেননা সংবিধানে নারী ও পুরুষকে সমান অধিকারের কথা বলা হয়েছে। দায়ভাগা মতবাদের এই বিধানটিকে আমরা চ্যালেঞ্জ করেছি। এর বৈধতা নিয়ে রুল দিয়েছে হাইকোর্ট।’ রাষ্ট্রপক্ষের আইনজীবী বিপুল বাগমার দেশ রূপান্তরকে বলেন, ‘হিন্দু পিতার সম্পত্তিতে কন্যাদের অধিকারের প্রশ্নে রুল দিয়েছেন আদালত। আগামী রবিবার হাইকোর্ট রুলের শুনানির জন্য অ্যামিকাস কিউরি নিয়োগ দেবেন বলেছেন।’

×
সর্বশেষ সর্বাধিক পঠিত