শিক্ষাপ্রতিষ্ঠান খুলছে ২২ ফেব্রুয়ারি

আপডেট : ১৭ ফেব্রুয়ারি ২০২২, ০২:৪৯ এএম

দেশে করোনা পরিস্থিতির কিছুটা উন্নতি হওয়ায় ২২ ফেব্রুয়ারি থেকে মাধ্যমিক ও বিশ্ববিদ্যালয় পর্যায়ে শিক্ষাপ্রতিষ্ঠান খোলার পক্ষে মত দিয়েছে কভিড-১৯ বিষয়ক জাতীয় কারিগরি পরামর্শক কমিটি। কমিটির পক্ষ থেকে বলা হয়েছে, ১২ বছরের ঊর্ধ্বে সব শিক্ষার্থী ক্লাসে উপস্থিত হয়ে ক্লাস করতে পারে সে বিষয়ে মতামত দেওয়া হয়েছে।

এর আগে গতকাল রাত ১০টা থেকে প্রায় এক ঘণ্টা কারিগরি পরামর্শক কমিটির সঙ্গে ভার্চুয়াল বৈঠক করেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনিসহ শিক্ষা প্রশাসনের শীর্ষ কর্মকর্তারা। পরামর্শক কমিটির সভাপতি মোহাম্মদ সহিদুল্লা বলেন, সংক্রমণ পরিস্থিতির উন্নতি হওয়ায় স্বাস্থ্যবিধি কঠোরভাবে মেনে শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দেওয়ার বিষয়টি বিবেচনা করা যেতে পারে। সরকার চাইলে ২২ ফেব্রুয়ারি থেকেই শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দিতে পারে।

এদিকে শিক্ষাপ্রতিষ্ঠান খোলার বিষয়ে জানাতে আজ বৃহস্পতিবার বেলা ১১টায় আনুষ্ঠানিক সংবাদ সম্মেলন ডেকেছেন শিক্ষামন্ত্রী।

এর আগে গতকাল দুপুরে চাঁদপুরে এ প্রসঙ্গে শিক্ষামন্ত্রী দীপু মনি বলেন, ‘নির্ধারিত তারিখ বলতে পারছি না। তবে চলতি মাসেই খুলে দেওয়া হবে বলে আশা করছি। সবাইকে স্বাস্থ্যবিধি মেনে কার্যক্রম পরিচালনা করতে হবে।’

জেলা প্রশাসকের কার্যালয়ে নবনির্বাচিত ইউপি চেয়ারম্যানদের শপথগ্রহণ অনুষ্ঠান শেষে সাংবাদিকদের তিনি আরও বলেন, ‘আজ (গতকাল) রাতে করোনাবিষয়ক জাতীয় পরামর্শক কমিটির সঙ্গে সভা আছে। আমরা করোনার অবস্থা পর্যালোচনা করে একটি সিদ্ধান্ত নিতে পারব। এ বিষয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গেও আলাপ-আলোচনা করা হবে। তারপর খুব শিগগিরই আমরা মনে করছি, শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দিতে পারব।’

শ্রেণিকক্ষে পাঠদানের বিষয়ে দীপু মনি বলেন, ‘করোনা পরিস্থিতি বিবেচনায় যেভাবে, যতটুকু ক্লাস নেওয়া সম্ভব, তা আমরা করব। যত দ্রুত আমরা করোনা পরিস্থিতি উত্তরণ করতে পারব, তত দ্রুত ক্লাস স্বাভাবিকভাবে শুরু হয়ে যাবে।’

শিক্ষার গুণগত মান উন্নীত হচ্ছে জানিয়ে তিনি বলেন, ‘শ্রেণিকক্ষ খুলে দেওয়ার পরই নতুন কারিকুলামের চেষ্টা হবে। ২০২৩ সাল থেকে দুটি ক্লাস নতুন কারিকুলামে করা হবে। আর ২০২৫ সাল থেকে পুরো কারিকুলাম বাস্তবায়ন করা হবে। এ কারিকুলাম বাস্তবায়ন হলে আমরা বিশ্বাস করি, শিক্ষার যে গুণগত মান আমরা খুঁজছি, সেটি বাস্তবায়িত হবে।’

করোনার সংক্রমণের কারণে ২০২০ সালের ১৭ মার্চ দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ ঘোষণা করেছিল সরকার। পরিস্থিতির কিছুটা উন্নতি হলে ১৮ মাস পর গত বছর সেপ্টেম্বরে স্বল্প পরিসরে শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দেওয়া হয়। সব শ্রেণির ক্লাস সব দিন হচ্ছিল না। সংক্রমণ ফের বেড়ে যাওয়ায় চলতি বছর ২১ জানুয়ারি আবার শিক্ষাপ্রতিষ্ঠানে ছুটি ঘোষণা করে সরকার। প্রথম দফায় এ ছুটি শেষ হওয়ার কথা ছিল ৬ ফেব্রুয়ারি। কিন্তু পরে তা আবার বাড়িয়ে ২০ ফেব্রুয়ারি করা হয়।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত