গোপনে নারীদের ভিডিও ধারণ করে জিম্মি করার অভিযোগে আল ফাহাদ (১৯) নামের একজনকে আটক করেছে র্যাব।
চাকরির জন্য স্বাস্থ্য পরীক্ষার নামে অনলাইনে ভিডিও ধারণ করতেন ফাহাদ। এরপর সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়ার ভয় দেখিয়ে গত দেড় বছরে শতাধিক নারীকে জিম্মি করে টাকা আদায় করেছেন তিনি।
বুধবার রাতে র্যাব রাজধানীর গুলশান থানার নদ্দা এলাকা থেকে ফাহাদকে আটক করা হয়। তার কাছ থেকে একটি ক্যামেরা, দুটি ক্যামেরার লেন্স, একটি মুঠোফোন, ছয়টি সিমকার্ড, একটি এক্সটার্নাল মেমোরি কার্ড ও ৪০৩টি ইয়াবা বড়ি জব্দ করে র্যাব।
রাজধানীর কারওয়ান বাজারে বৃহস্পতিবার সকালে র্যাবের মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ সব তথ্য জানানো হয়।
এ সময় র্যাবের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক কমান্ডার খন্দকার আল মঈন বলেন, অনলাইনে প্রতারণার শিকার কয়েক নারী সম্প্রতি র্যাবের কাছে অভিযোগ করেন। এর ভিত্তিতে র্যাব তদন্ত শুরু করে।
সংবাদ সম্মেলনে র্যাব বলেছে, সামাজিক যোগাযোগমাধ্যমের বিভিন্ন সাইটে দেশি-বিদেশি ও আন্তর্জাতিক সংস্থায় উচ্চ বেতনে চাকরি দেওয়ার প্রলোভন দেখিয়ে নারীদের আকৃষ্ট করতেন ফাহাদ। আগ্রহী নারীদের কাছ থেকে ৫০০ টাকা করে নিবন্ধন ফি নিতেন। করোনাকালে ভিডিও কলে চাকরির জন্য নারীদের স্বাস্থ্য পরীক্ষা (মেডিকেল পরীক্ষা) নেওয়ার নামে কৌশলে তাদের গোপন ভিডিও ধারণ করতেন। পরে এসব ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল করার ভয়ভীতি দেখিয়ে প্রত্যেকের কাছ থেকে দুই থেকে পাঁচ হাজার টাকা আদায় করতেন।
ফাহাদের বাড়ি নারায়ণগঞ্জের বন্দর থানা এলাকায়। আগে বাবার সঙ্গে নারায়ণগঞ্জ রেলস্টেশনের পাশে ছোট একটি দোকানে ফল বিক্রি করতেন। জিজ্ঞাসাবাদে জানান, তিনি সামাজিক যোগাযোগমাধ্যমে বেশ কিছু ভুয়া আইডি ব্যবহার করতেন। অ্যাপসের মাধ্যমে কণ্ঠ পরিবর্তন করে নিজেই চিকিৎসক সেজে ভার্চ্যুয়াল স্বাস্থ্য পরীক্ষা করানোর নামে নারীদের গোপন ভিডিও ধারণ করতেন।
