চট্টগ্রামের মিরসরাইয়ে ছয়বার নির্বাচিত সাবেক মেম্বার আবুল কাশেম হত্যা মামলার প্রধান আসামি বেলাল হোসেনকে গ্রেপ্তার করা হয়েছে। র্যাব-৭ সদস্যরা তাকে ঢাকার যাত্রাবাড়ি থেকে গ্রেপ্তার করে বৃহস্পতিবার (১৭ ফেব্রুয়ারি) রাতে মিরসরাই থানায় হস্তান্তর করে।
বেলাল হোসেন সাহেরখালী ইউনিয়ন পরিষদের ৩ নম্বর ওয়ার্ডের বর্তমান সদস্য (মেম্বার)। নিহত আবুল কাশেমও একই ওয়ার্ডের মেম্বার ছিলেন। এর আগে একই মামলায় ইউপি সদস্য বেলাল হোসেনের ছেলে ফাহাদসহ চারজনকে গ্রেপ্তার করা হয়।
জানা গেছে, গত ২৬ জানুয়ারি রাতে মিরসরাইয়ের ১৬ নম্বর সাহেরখালী ইউনিয়নের পশ্চিম সাহেরখালী এলকায় আবুল কাশেমকে সন্ত্রাসীরা কুপিয়ে একটি খালে ফেলে যায়। পরে স্থানীয় লোকজন তাকে আশংকাজনক অবস্থায় উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে। সেখানে চিকিৎসাধীন অবস্থায় গত ১ ফেব্রুয়ারি রাতে তিনি মারা যান। এর আগে ৩১ জানুয়ারি নিহতের স্ত্রী বিবি ফাতেমা বাদী হয়ে স্থানীয় ইউপি সদস্য বেলাল হোসেনকে প্রধান আসামি করে সাতজনের নাম উল্লেখ করে মামলা করেন। মামলার পরপরই বেলাল হোসেন গা ঢাকা দেন। তাকে গ্রেপ্তারের দাবিতে গত ৬ ফেব্রুয়ারি এলাকায় মানববন্ধন হয়।
মিরসরাই থানার ওসি মজিবুর রহমান জানান, মামলার প্রধান আসামি বেলাল হোসেনকে র্যাব গ্রেপ্তার করে মিরসরাই থানায় হস্তান্তর করেছে। শুক্রবার (১৮ ফেব্রুয়ারি) তাকে কোর্টে প্রেরণ করা হয়েছে। এর আগে এ মামলার চার আসামিকে গ্রেপ্তার করা হয়। তাদের দুজন হত্যায় জড়িত থাকার কথা স্বীকার করে আদালতে জবানবন্দী দিয়েছে।
