বায়ান্ন’র ভাষা আন্দোলনের বীর শহীদদের স্বপ্ন ক্ষমতাসীন আওয়ামী লীগ প্রতিনিয়ত ভূলুণ্ঠিত করছে বলে অভিযোগ করেছে গণফোরাম।
শনিবার বিকেলে গণফোরামের কেন্দ্রীয় কার্যালয়ে অমর একুশে ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে দেয় বক্তৃতায় গণফোরাম সাধারণ সম্পাদক সিনিয়র অ্যাডভোকেট সুব্রত চৌধুরী এ অভিযোগ করেন।
সভায় সভাপতিত্ব করেন গণফোরাম নির্বাহী সভাপতি অ্যাডভোকেট এ. কে. এম জগলুল হায়দার আফ্রিক। আলোচনা সভা সঞ্চালনা করেন গণফোরাম ছাত্র সম্পাদক মো. সানজিদ রহমান শুভ।
সুব্রত চৌধুরী বলেন, বাংলাদেশের জনগণের জীবনমান বিপর্যস্ত করে ৫২’র ভাষা আন্দোলনের বীর শহীদদের স্বপ্ন প্রতিনিয়ত ভূলুণ্ঠিত করছে ক্ষমতাসীন আওয়ামী লীগ সরকার।
তিনি বলেন, নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্যের লাগামহীন ঊর্ধ্বগতি জনভোগান্তির চরম সীমা অতিক্রম করেছে। ওই সময়ে পাকিস্তানিরা মুখের ভাষা কেড়ে নিতে চেয়েছিল, আজ কর্তৃত্ববাদী সরকার জনগণের মুখের খাবার কেড়ে নিতে চায়।
সভায় আরও বক্তব্য রাখেন গণফোরাম নির্বাহী সভাপতি মোহসীন রশিদ, সভাপতি পরিষদ সদস্য গেরিলা বীর মুক্তিযোদ্ধা খান সিদ্দিকুর রহমান, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক আইয়ুব খান ফারুক, যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মো. হেলাল উদ্দিন, সাংগঠনিক সম্পাদক (ঢাকা বিভাগ) রওশন ইয়াজদানী, তথ্য ও গণমাধ্যম সম্পাদক মুহাম্মদ উল্লাহ মধু, ঢাকা মহানগর দক্ষিণ এর আহ্বায়ক হাবিবুর রহমান বুলু, কেন্দ্রীয় কমিটির সদস্য রবিউল ইসলাম রবি, আমিনুল ইসলাম, কামাল উদ্দিন সুমন, মাহফুজুর রহমান মাসুম, এশেক আলী আশিক, ইসমাইল সম্রাট ও আনোয়ার ইব্রাহীম প্রমুখ। উপস্থিত ছিলেন কেন্দ্রীয় নেতৃবৃন্দ।
২১শে ফেব্রুয়ারি সকাল ৭টায় গণফোরাম শহীদদের স্মৃতিতে পুষ্পস্তবক অর্পণের জন্য পলাশীর মোড় হতে শহীদ মিনারের উদ্দেশে প্রভাত ফেরির যাত্রা শুরু করবে বলে সভায় জানানো হয়।
