সূর্যকুমার যাদব স্ট্রোকের ফুলঝুড়িতে প্রমাণ দিলেন টি-টোয়েন্টির ব্যাটিং সামর্থ্যের। ভেঙ্কটেশ আইয়ার মেলে ধরলেন তার অলরাউন্ড দক্ষতা। সুবাদে সিরিজের তৃতীয় ও শেষ টি-টোয়েন্টিতেও ওয়েস্ট ইন্ডিজকে হারাল ভারত।
ইডেন গার্ডেন্সে রবিবার ১৭ রানের জয় তুলে নেয় স্বাগতিক ভারত। তাদের দেওয়া ১৮৫ রানের লক্ষ্য তাড়া করতে নেমে ৯ উইকেটে ১৬৭ রানে থামে উইন্ডিজের ইনিংস।
প্রথম দুই ম্যাচও ভারত জেতায় হোয়াইটওয়াশ হলো ওয়েস্ট ইন্ডিজ। এর আগে তিন ম্যাচের ওয়ানডে সিরিজেও হোয়াইটওয়াশ হয় ক্যারিবীয়রা।
লক্ষ্য তাড়া করতে নেমে শুরুতেই দুই ওপেনার কাইল মেয়ার্স ও শাই হোপকে হারিয়ে ফেলে উইন্ডিজ। তবে তিন নম্বরে নামা নিকোলাস পুরান লড়াই ছুড়ে দেন। শেষ পর্যন্ত যদিও পারেননি তিনি। রোভম্যান পাওয়েলও ভালো শুরু আভাস দিয়ে থেমে যান।
পুরান ৪৭ বলে ৬১ রান করেন ৮ চার ও ১ ছক্কায়। পাওয়েল ১৪ বলে ২৫ রান করেন ২টি করে চার ও ছক্কায়। আটে নামা রোমারিও শেফার্ড ২১ বলে ২৯ রান করেন।
ভারতের পক্ষে হার্সেল প্যাটেল সর্বাধিক ৩ উইকেট নেন। ৪ ওভারে ২২ রান খরচ করেন তিনি। দিপক চাহার ১.৫ ওভারে ১৫ রানে ২টি, ভেঙ্কটেশ আইয়ার ২.১ ওভারে ২৩ রানে ২টি ও শার্দুল ঠাকুর ৪ ওভারে ৩৩ রান খরচায় ২ উইকেট নেন।
এর আগে টস হেরে ব্যাট করতে নামা ভারতের পক্ষে ৩১ বলে ৬৫ রানের ইনিংস উপহার দেন সূর্যকুমার। তার ইনিংসে ছিল ১টি চার ও ৭টি ছক্কা।
ইশান কিশান ৩১ বলে ৩৪, শ্রেয়াস আইয়ার ১৬ বলে ২৫ ও ভেঙ্কটেশ ১৯ বলে অপরাজিত ৩৫ রান করেন। সুবাদে নির্ধারিত ২০ ওভারে ৫ উইকেটে ১৮৪ রানের পুঁজি গড়ে ভারত।
ম্যাচসেরা ও সিরিজ সেরা হয়েছেন সূর্যকুমার যাদব।
