নাইজেরিয়ার বিমান হামলায় নাইজারে ৭ শিশু নিহত

আপডেট : ২১ ফেব্রুয়ারি ২০২২, ০১:২০ পিএম

প্রতিবেশী নাইজেরিয়ার বিমান হামলায় নাইজারে সাত শিশু নিহত হয়েছে। হামলায় আরও পাঁচ জন আহত হয়েছে।

বিবিসির খবরে বলা হয়, ‘দস্যুদের’ লক্ষ্য করে হামলাটি চালিয়েছিল বলে দাবি করেছে নাইজেরিয়ার সেনাবাহিনী। হামলাটিকে ‘দুর্ঘটনা’ বলে বিবেচনা করছে তারা।

নাইজারের মারাদি অঞ্চলের গভর্নর চাইবু আবুবকর জানিয়েছেন, হামলায় ঘটনাস্থলেই চার জনের মৃত্যু হয় আর হাসপাতালে নেওয়ার পথে আরও তিন জন মারা যায়। এছাড়া আরও পাঁচ জন আহত হয়েছে।

আবুবকর জানিয়েছেন, হতাহত শিশুদের বাবা-মায়েরা একটা অনুষ্ঠানে ছিলেন আর তাদের সন্তানেরা ‘সম্ভবত খেলছিল’, তখনই বিমান হামলাটি হয়।

নাইজারের রাষ্ট্রায়ত্ত গণমাধ্যম জানিয়েছে, নাচাদে গ্রামে হামলাটি হয়। এ বিষয়ে একটি তদন্ত শুরু করা হয়েছে বলে নাইজেরিয়ার কর্মকর্তারা জানিয়েছেন।

সীমান্ত অঞ্চলে অপহরণ ও খুনের ঘঠনায় অভিযুক্ত সশস্ত্র অপরাধী গোষ্ঠীগুলোর বিরুদ্ধে যৌথ সামরিক অভিযান চালাচ্ছে নাইজার ও নাজেরিয়া।

এসব গোষ্ঠীর অনুপ্রবেশ ঠেকাতে ২০১৮ সাল থেকে নাইজেরিয়ার সীমান্ত বরাবর সামরিক টহল জোরদার করেছে নাইজার।

তিন মাস আগে মারাদি শহরে একটি স্কুলে অগ্নিকাণ্ডে পাঁচ থেকে ছয় বছর বয়সী ২৬ শিশুর মৃত্যু হওয়ার পর দেশটিতে ফের অপঘাতে শিশু মৃত্যুর ঘটনা ঘটল।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত