ইটবোঝাই ট্রাক্টর উল্টে কোচিং সেন্টারে, আহত ৭

আপডেট : ২২ ফেব্রুয়ারি ২০২২, ১২:৫৯ পিএম

দিনাজপুরের চিরিরবন্দর উপজেলায় নিয়ন্ত্রণ হারিয়ে ইটবোঝাই একটি ট্রাক্টর কোচিং সেন্টারের উপর উল্টে পড়ে গেছে। এতে ৪ শিক্ষার্থীসহ ৭ জন গুরুতর আহত হয়েছেন।

মঙ্গলবার সকাল সাড়ে ৮টায় চিরিরবন্দর উপজেলার ৭নং আউলিয়াপুকুর ইউনিয়ন পরিষদের সামনে খুনিয়াদিঘি নামক স্থানে এই দুর্ঘটনা ঘটে।

এ ঘটনায় বিক্ষুব্ধ এলাকাবাসী প্রায় সাড়ে ৩ ঘণ্টা সড়ক অবরোধ করে রাখে। বেলা দুপুর ১২টায় সাবেক চেয়ারম্যান ও পুলিশের আশ্বাসে অবরোধ তুলে নেওয়া হয়।

আহতদের মধ্যে ৩ জন শিক্ষার্থী হলেন- নাইম, শাকিল ও সোয়াত। আরেক শিক্ষার্থীর নাম পাওয়া যায়নি। তারা নবম শ্রেণির ছাত্র বলে জানা গেছে।

চিরিরবন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বজলুর রশিদ এ তথ্য নিশ্চিত করেছেন।

জানা গেছে, সকাল সাড়ে ৮টায় চিরিরবন্দর থেকে ইটবোঝাই করে একটি ট্রলি দিনাজপুর শহরের দিকে আসছিল। পথিমধ্যে আউলিয়াপুকুর ইউনিয়নের পরিষদের সামনে খুনিয়াদিঘি নামকস্থানে ট্রলির চালক নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার বাম পাশে রেনেসা কোচিং সেন্টারের উপর উল্টে যায়। এতে কোচিং সেন্টারে থাকা ৪ জন শিক্ষার্থী ও ট্রলির চালকসহ ৩ জন শ্রমিক গুরুতর আহত হয়।

আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। পরে ট্রলির চালক ও ৩ শিক্ষার্থীকে দিনাজপুর এম. আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়েছে।

ওসি জানান, দুর্ঘটনার পর ঘটনাস্থলে গিয়ে যান চলাচল স্বাভাবিক করা হয়েছে। দুর্ঘটনাকবলিত ট্রলিটি উদ্ধার করা হচ্ছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত