বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচনে সাধারণ সম্পাদক পদে জায়েদ খানের প্রার্থিতা বাতিলের সিদ্ধান্ত কেন অবৈধ হবে না জানতে চেয়ে দেওয়া রুলের শুনানি একদিন পিছিয়েছে। মঙ্গলবার শুনানি অনুষ্ঠিত হওয়ার কথা ছিল।
এদিন সকালে বিচারপতি মামনুন রহমান ও বিচারপতি খোন্দকার দিলীরুজ্জামানের বেঞ্চ আগামীকাল দিন ধার্য করে।
গত ২৮ জানুয়ারি শিল্পী সমিতির নির্বাচনে সাধারণ সম্পাদক পদে ১৭৬ ভোট পেয়ে নির্বাচিত হন জায়েদ খান। নিপুণ আক্তার পান ১৬৩ ভোট। এরপর জায়েদের বিরুদ্ধে টাকা দিয়ে ভোট কেনাসহ একাধিক অভিযোগ আনেন নিপুণ। । পরে আপিল বোর্ডের সিদ্ধান্তে জায়েদের পদ বাতিল করে নিপুণ আক্তারকে সাধারণ সম্পাদক ঘোষণা করা হয়।
এরপর হাইকোর্টের দ্বারস্থ হন জায়েদ। হাইকোর্ট আপিল বোর্ডের সিদ্ধান্ত স্থগিত করলে পদ ফিরে পান তিনি। পরে আপিল করেন নিপুণ। ওই আপিল শুনানি নিয়ে হাইকোর্টের দেওয়া আদেশ স্থগিত করেন চেম্বার জজ আদালত।
