ফিরলেন সাকিবও, ২৮ রানে ৫ উইকেট হারাল বাংলাদেশ

আপডেট : ২৩ ফেব্রুয়ারি ২০২২, ০৩:৫৪ পিএম

হার এড়াতে হলে বড় জুটি গড়তে হবে মাহমুদউল্লাহ ও আফিফ হোসেনকে। ইতোমধ্যে টপ-অর্ডারের ৫ উইকেট হারিয়ে বিপদে বাংলাদেশ।

দলীয় ১৩ রানে প্রথম উইকেট হিসেবে সাজঘরে ফেরেন ওপেনার লিটন দাশ (১)। এরপর স্কোরবোর্ডে আর মাত্র ৫ রান যোগ হতেই নেই আরও ৩ উইকেট।

ওপেনার-অধিনায়ক তামিম ইকবাল (৮) ও উইকেটরক্ষক মুশফিকুর রহিমকে (১) এলবিডব্লিউর ফাঁদে ফেলেন ফজলহক ফারুকি। এরপর ইয়াসির আলীকে বোল্ড করেন আফগান পেসার। অভিষেক ওয়ানডে খেলতে নেমে ডাক মারলেন এই মিডল-অর্ডার ব্যাটার।

টাইগারদের চার উইকেটই নিয়েছেন ফারুকি। অথচ ইনিংসের প্রথম ওভার করতে এসে ১২ দেন তিনি। তামিম তাকে ব্যাক টু ব্যাক চার মেরে দারুণ কিছুর ইঙ্গিত দিয়েছিলেন। কিন্তু নিজের দ্বিতীয় ওভার করতে এসেই প্রতিশোধ নেওয়া শুরু ফারুকির।

দলকে বিপদে রেখে সাজঘরে ফিরেছেন সাকিব আল হাসানও (১০)। মুজিব উর রহমানের বলে বোল্ড হয়েছেন তিনি। এই প্রতিবেদন লেখা পর্যন্ত ২১৬ রানের লক্ষ্য তাড়া করতে নেমে ৮ ওভারে ৫ উইকেট হারিয়ে ২৮ রান করেছে বাংলাদেশ। ব্যাটিংয়ে আছেন মাহমুদউল্লাহ (১) ও আফিফ (০)।

জয়ের জন্য টাইগারদের আরও ১৮৮ রান দরকার। এর আগে চট্টগ্রামে সিরিজের প্রথম ওয়ানডেতে টস জিতে ব্যাটিংয়ে নেমে ৪৯.১ ওভারে ২১৫ রানে অলআউট হয় আফগানিস্তান।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত