নোয়াখালীর চাটখিলে একটি বিয়ের অনুষ্ঠান থেকে প্রাইভেট কারে কুমিল্লায় ফিরছিলেন পাঁচ তরুণ। তবে পথে নিয়ন্ত্রণ হারিয়ে প্রাইভেট কারটি রাস্তার পাশের একটি পুকুরে পড়ে গেলে নিহত হয়েছেন তারা। গত মঙ্গলবার রাত ১টার দিকে শাহরাস্তি উপজেলার চিতোষী পূর্ব ইউনিয়নের পূর্ব নরহ গ্রামে এ ভয়াবহ দুর্ঘটনা ঘটে। এদিকে গতকাল বুধবার লক্ষ্মীপুর, ময়মনসিংহ, মানিকগঞ্জ, ঝালকাঠি ও পাবনায় সড়ক দুর্ঘটনায় আরও পাঁচজনের মৃত্যুর খবর মিলেছে। দেশ রূপান্তরের প্রতিনিধি ও সংবাদদাতাদের পাঠানো তথ্যে বিস্তারিত
শাহরাস্তি মডেল থানা ও ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, রাত ১টার দিকে একটি প্রাইভেট কার নিয়ন্ত্রণ হারিয়ে পূর্ব নরহ গ্রামের মোল্লার টেকে (বাঁক) পুকুরে পড়ে যায়। খবর পেয়ে স্থানীয় লোকজন ও শাহরাস্তি ফায়ার সার্ভিসের একটি টিম ঘটনাস্থলে গিয়ে পাঁচ তরুণের মরদেহ উদ্ধার করে।
চাঁদপুর ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক (ডিএডি) মো. শাহিদুল ইসলাম জানান, দুর্ঘটনার খবর পেয়ে তাৎক্ষণিক ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছায়। পরে স্থানীয়দের সহায়তায় মরদেহ উদ্ধার করা হয়। মূলত পুকুরে পড়ে যাওয়ায় গাড়ির দরজা খুলতে না পেরে অক্সিজেনের অভাবে তাদের মৃত্যু হয়েছে।
তিনি জানান, নিহতরা হলেন কুমিল্লা জেলার মনোহরগঞ্জ উপজেলার হাসনাবাদ ইউনিয়নের রামদেবপুর গ্রামের ইউপি সদস্য সিদ্দিকুর রহমান খোকনের ছেলে মো. শাহপরান তুষার (২২), একই এলাকার নরপাইয়া গ্রামের মৃত রফিকুল ইসলামের ছেলে শাকিল (২৩), চাঁপা কেশতলা গ্রামের বাবুল মিয়ার ছেলে রেজাউল করিম (২৩), যশোরের শার্শা উপজেলার ধান্যখোলা গ্রামের মো. আবদুল খালেকের ছেলে নয়ন (২৪) ও গাজীপুর সদর উপজেলার উত্তর খাইলকুর গ্রামের বাবুল হোসেনের ছেলে মো. সাগর হোসেন (২৪)।
দুর্ঘটনাস্থলের পার্শ্ববর্তী পানচাইল গ্রামের মো. জাহাঙ্গীর আলম জানান, দুর্ঘটনার খবর পেয়ে আমরা ঘটনাস্থলে ছুটে আসি। গাড়িটি পুকুরে পড়ে পানিতে ডুবে যাওয়ায় কেউ বাইরে বের হতে পারেনি। পরে গাড়ির কাচ ভেঙে তাদের উদ্ধার করা হলেও ততক্ষণে কেউ বেঁচে ছিল না।
শাহরাস্তি মডেল থানার ওসি (তদন্ত) মো. মোরশেদুল আলম ভুঁইয়া বলেন, মরদেহের পকেটে থাকা মোবাইল ও মানিব্যাগ খুঁজে তাদের পরিচয় শনাক্ত করা হয়েছে। তাদের স্বজনদের সঙ্গে যোগাযোগ করা হলে তারা জানান, তারা নোয়াখালী জেলার চাটখিল উপজেলায় একটি বিয়ের অনুষ্ঠান থেকে কুমিল্লা ফিরছিলেন।
শাহরাস্তি মডেল থানার ওসি মো. আবদুল মান্নান বলেন, নিহতদের মরদেহ শাহরাস্তি উপজেলার উঘারিয়া পুলিশ তদন্তকেন্দ্রে রাখা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে স্বজনদের কাছে মরদেহ হস্তান্তর করা হবে।
লক্ষ্মীপুর জেলার রামগতিতে মোটরসাইকেল দুর্ঘটনায় মনিরুল ইসলাম রকি (২৪) নামে এক ছাত্রলীগ নেতার মৃত্যু হয়েছে। গতকাল বুধবার বিকেলে আলেকজান্ডার-সোনাপুর আঞ্চলিক সড়কের হানিফ রোডের (নোয়াখালী সদর) আগে নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা খেয়ে গুরুতর আহত হন রকি। স্থানীয়রা উদ্ধার করে নোয়াখালী সদর হাসপাতালে নেওয়ার পথে মারা যান তিনি। রকি রামগতি উপজেলার চর রমিজ ইউনিয়নের মো. মাইন উদ্দিনের ছেলে। তিনি উপজেলা ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক ছিলেন। উপজেলা ছাত্রলীগ সভাপতি আকবর হোসেন সুখী বিষয়টি নিশ্চিত করেছেন।
ময়মনসিংহের ভালুকায় ট্রাকের ধাক্কায় বুলবুল মিয়া (৪০) নামে এক মোটরসাইকেল চালক নিহত হয়েছেন। গত মঙ্গলবার রাতে ভালুকা বাসস্ট্যান্ড এলাকায় এই দুর্ঘটনা ঘটে। নিহত বুলবুল মিয়া উপজেলার নন্দীপাড়া গ্রামের আবু শেখের ছেলে।
মানিকগঞ্জের সিংগাইরে ইটভর্তি ট্রাকচাপায় রাজিয়া আক্তার (২৭) নামে এক নারীর মৃত্যু হয়েছে। গতকাল দুপুর ১টার দিকে বাড্ডা মসজিদের পেছনে এ ঘটনাটি ঘটে। নিহত রাজিয়া বায়রা ইউনিয়নের বাড্ডা জামে মসজিদের ইমাম নাজিমুদ্দিন দেওয়ানের স্ত্রী। সিংগাইর থানার ওসি শফিকুল ইসলাম মোল্যা জানান, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মানিকগঞ্জ সদর হাসপাতালে পাঠানো হয়েছে। আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।
সড়ক দুর্ঘটনায় পাবনার রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পের এক শ্রমিকের মৃত্যু হয়েছে। গতকাল ভোরে কাজ শেষে মোটরসাইকেলে বাড়ি ফেরার পথে ট্রাকের ধাক্কায় সাব্বির হোসেন নামে ওই শ্রমিক নিহত হন। তিনি প্রকল্পের নিকিমথ কোম্পানিতে শ্রমিক হিসেবে কর্মরত ছিলেন। সাব্বির উপজেলার সলিমপুর ইউনিয়নের চরমিরকামারী দাইড়পাড়া গ্রামের ইন্তাজ প্রামাণিকের ছেলে।
ঝালকাঠির নলছিটিতে বাসচাপায় রুস্তম হাওলাদার (৫৫) নামে এক পথচারীর মৃত্যু হয়েছে। গতকাল বুধবার সন্ধ্যা ৬টার দিকে বরিশাল-পটুয়াখালী মহাসড়কের দপদপিয়া কাঠেরঘর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত রুস্তম হাওলাদার বাকেরগঞ্জ উপজেলার চরাদি ইউনিয়নের হলতা এলাকার বাসিন্দা। পেশায় তিনি একজন বাবুর্চি ছিলেন।
নলছিটি থানার ওসি আতাউর রহমান বলেন, দুর্ঘটনায় মারা যাওয়া রুস্তম নামে একজনের লাশ উদ্ধার করে থানায় আনা হয়েছে। ময়নাতদন্তের জন্য লাশ ঝালকাঠি সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এখন পর্যন্ত চালক বা বাসটি আটক করা যায়নি।
