প্রতীক্ষিত গাঙ্গুবাই আসছে আজ

আপডেট : ২৪ ফেব্রুয়ারি ২০২২, ১১:৩৫ পিএম

একসময় আলিয়া ভাটের কাছে ব্যর্থতা যেন ছিল দূর গ্রহের কোনো বস্তু। মেয়ের টানা সাফল্যে ‘বিরক্ত’ বাবা মহেশ ভাটও বলেছিলেন, ‘আলিয়া বরং এবার ব্যর্থতার স্বাদ পাক’। তার কথা ফলে দ্রুতই। ‘রাজি’, ‘গলি বয়’-এর মতো ব্লকবাস্টার উপহার দেওয়ার পর আলিয়ার পরের দুই ছবি ‘কলঙ্ক’ ও ‘সড়ক ২’ ব্যর্থ, যা তাকে মুদ্রার অন্য পিঠও দেখিয়েছে। ছবি না চলায় খারাপ লাগলেও ব্যর্থতা মেনে নিতে কোনো আপত্তি নেই আলিয়ার, ‘ব্যর্থ না হলে তো আপনি কিছু শিখতেই পারবেন না। একজন অভিনয়শিল্পীকে সব ধরনের অভিজ্ঞতার জন্যই প্রস্তুত থাকতে হয়।’

অনেক অনিশ্চয়তার পর অবশেষে আজ প্রেক্ষাগৃহে মুক্তি পাবে সঞ্জয়লীলা বানশালির বহুল প্রতীক্ষিত সিনেমা ‘গাঙ্গুবাঈ কাঠিয়াওয়াড়ি’। বলিউড সুপারস্টার আলিয়া ভাট অভিনীত ছবিটি দিয়েই বলা যায় কভিড বিরতি শেষে ফের খুলছে ভারতের প্রেক্ষাগৃহ। তবে সব বয়সের দর্শকদের সিনেমাটি দেখাতে সেন্সর থেকে ইউ/এ সার্টিফিকেট পেতে বেশ কাঠখড় পোড়াতে হয়েছে। সেন্সর বোর্ডের নির্দেশে সিনেমাটির একটি ‘অশ্লীল’ সংলাপসহ ছাঁটা হয়েছে ১৭ সেকেন্ডের একটি দৃশ্য। একই সঙ্গে ভারতের প্রয়াত প্রথম প্রধানমন্ত্রী জওয়াহেরলাল নেহরুকে নিয়ে সিনেমাটিতে রাখা একটি দৃশ্যও পরিবর্তন করা হয়েছে। দৃশ্যটিতে নাকি ‘গাঙ্গুবাঈয়ের কাঁধে নেহরুকে গোলাপ রাখতে’ দেখা গিয়েছে। এ ছবির সাফল্য বা ব্যর্থতা নিয়ে অবশ্য চিন্তিত নন আলিয়া। কারণ ছবির পরিচালক সঞ্জয়লীলা বানশালি। বহু প্রতীক্ষার পর অবশেষে পছন্দের পরিচালকের সঙ্গে কাজের সুযোগ মিলেছে, এতেই খুশি অভিনেত্রী। ছবিটি অবশ্য এখন হওয়ারই কথা ছিল না। হয়েছে সালমান খানের কারণে! ২০১৯ সালে সালমান ও আলিয়াকে নিয়ে ‘ইনশাআল্লাহ’ বানাতে চেয়েছিলেন বানশালি। কিন্তু শ্যুটিং শুরুর মাত্র মাসখানেক আগে ছবিটি থেকে সরে দাঁড়ান সালমান। তড়িঘড়ি করেই আলিয়াকে নিয়ে আরেকটি ছবির ঘোষণা দেন বানশালি। সেই ছবিই ‘গাঙ্গুবাঈ কাঠিয়াওয়াড়ি’। তবে প্রস্তুতিতে কমতি রাখেননি আলিয়া। মুম্বাইয়ের কামাঠিপুরার যৌনকর্মীদের সম্পর্কে পড়াশোনা করেছেন। পুরনো হিন্দি ছবি দেখেছেন। বিশেষ করে মিনা কুমারীর ছবি দেখে তার শরীরী ভাষা রপ্ত করার চেষ্টা করেছেন। কারণ তার মনে হয়েছিল ছবিটি যে সময়ের প্রেক্ষাপটে (১৯৬০-এর দশক) সে সময়ের অভিনেত্রীর অভিনয় দেখলে অনেক কিছু শিখতে পারবেন। ছবির ট্রেলার মুক্তির পরই নজর কেড়েছেন আলিয়া। গাঙ্গুবাঈয়ের চরিত্রে তার লুক ব্যাপক প্রশংসিত হয়। হাঁটা, কথা বলা, বাচনভঙ্গিতে সবার নজর কেড়েছেন। অনেকেই বলেছেন, এমন আলিয়াকে আগে কেউ কখনো দেখেনি, কল্পনাও করেনি। মুম্বাইয়ের ‘মাফিয়া কুইন’ নামে কুখ্যাত গাঙ্গুবাঈকে নিয়ে নির্মিত ছবিতে আলিয়াই বড় ভূমিকায়, মূল আকর্ষণ তিনিই। তিনি ছাড়া ট্রেলারে নজর কেড়েছেন বিজয় রাজও। এই অভিনেতাকে ছবিতে দেখা যাবে ট্রান্সজেন্ডার নারীর চরিত্রে। এ ছাড়া জিম সার্বকে দেখা যাবে ভারতের প্রথম প্রধানমন্ত্রী পণ্ডিত জওয়াহেরলাল নেহরুর ভূমিকায়। প্রথমবারের মতো ছোটপর্দার জনপ্রিয় অভিনেতা শান্তনু মহেশ্বরীকেও দেখা যাবে। ছবির দুটি গুরুত্বপূর্ণ অতিথি চরিত্রে আছেন অজয় দেবগন ও ইমরান হাশমি। অজয় করেছেন এক গ্যাংস্টারের চরিত্র, ইমরানের চরিত্র সম্পর্কে জানা যায়নি।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত