এক ঝলকে

আপডেট : ২৬ ফেব্রুয়ারি ২০২২, ০১:৪১ এএম

যুদ্ধ চান না তারকারা

ইউক্রেনে রাশিয়ার সামরিক অভিযান নিয়ে কথা হচ্ছে হলিউড-বলিউডেও। জনপ্রিয় মার্কিন র‌্যাপার কার্ডি বি লিখেছেন, ‘আশা করি বিশ্বের নেতারা ক্ষমতার প্রদর্শনী দেখানো থামাবেন। দুনিয়া কী সংকটে পড়বে সেটার সঙ্গে সাধারণ মানুষের ওপর প্রভাব নিয়ে ভাববেন।’ ভারতের বর্ষীয়ান গীতিকবি জাভেদ আখতার লিখেছেন, ‘যদি রাশিয়ান/ইউক্রেনিয়ান যুদ্ধ ন্যায়বিচারের ন্যায্যতার অনুভূতি জাগিয়ে তোলে, দুর্বলকে রক্ষার মানবিক অনুভূতি তৈরি হয়, তাহলে পশ্চিমা শক্তি কেন ইয়েমেনের মতো ছোট দেশে সৌদির বোমা হামলা ও নৃশংসতা বিষয়ে উদাসীন।’ বলিউড অভিনেত্রী রিচা চাড্ডা টুইটারে লিখেছেন ‘যেকোনো সৈন্য সংযোজন একটি দেশকে অন্ধকার যুগে ঠেলে দেয়।’ আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন বাঙালি অভিনেত্রী-পরিচালক তিলোত্তমা সোম লিখেছেন, ‘এই মহামারীর সময়ে আমি আমার ক্যানসার আক্রান্ত মাকে নিয়ে ভীষণ চিন্তিত। কিন্তু যখন যুদ্ধের মধ্যে আটকে পড়া পরিবারের কথা চিন্তা করছি, যাদের বাড়িতে ক্যানসার রোগী আছে, আমার মস্তিষ্ক আর কাজ করে না। যুদ্ধের চেয়ে কুৎসিত আর কিছু নেই।’ অভিনেতা আরশাদ ওয়ার্সি শেয়ার করেছেন মজার মিম। তবে যুদ্ধ পরিস্থিতিতে অভিনেতার এই মজা অনেকেই সহজভাবে নিতে পারেননি, পোস্টের নিচে মন্তব্যের ঘরে তারা সেটা লিখেও জানিয়েছেন।‘

আইফার সঞ্চালক সালমান

আবুধাবিতে অনুষ্ঠিতব্য ‘ইন্টারন্যাশনাল ইন্ডিয়ান ফিল্ম অ্যাকাডেমি অ্যাওয়ার্ডস’ (আইফা অ্যাওয়ার্ডস)-এর সঞ্চালনা করবেন বলিউড তারকা সালমান খান। তার সঙ্গে থাকছেন রিতেশ দেশমুখ। চলতি বছর ইন্টারন্যাশনাল ইন্ডিয়ান ফিল্ম অ্যাকাডেমি অ্যাওয়ার্ডস অনুষ্ঠান আবুধাবির ইয়াস আইল্যান্ডের ইতিহাদ এরিনায় অনুষ্ঠিত হবে ২০ মে এবং ২১ মে তারিখে। আগে ১৯ মার্চ হওয়ার কথা থাকলেও করোনা পরিস্থিতির কারণে নতুন দিন ঘোষণা করা হয়েছে। এবার ভারতের স্বাধীনতার ৭৫ বছর এবং আরব আমিরাতের ৫০তম বর্ষ। তাই আবুধাবিতে অনুষ্ঠিত হতে চলা ২২তম ‘ইন্টারন্যাশনাল ইন্ডিয়ান ফিল্ম অ্যাকাডেমি অ্যাওয়ার্ডস’ এই বছর আরও বড় মাত্রায় হবে। বর্তমানে সালমান ব্যস্ত ক্যাটরিনা কাইফের সঙ্গে ‘টাইগার থ্রি’ সিনেমার শ্যুটিং নিয়ে। যশরাজ ফিল্মস প্রযোজিত সিনেমাটি নির্মাণ করছেন মণীশ শর্মা। এই সিনেমায় ভিলেনের চরিত্রে অভিনয় করবেন ইমরান হাশমী।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত