খাগড়াছড়িতে কৃষককে গুলি করে হত্যা

আপডেট : ২৬ ফেব্রুয়ারি ২০২২, ০২:৫০ এএম

খাগড়াছড়ি জেলা সদরের সাতভাইয়াপাড়া গ্রামে গুলিতে এক ব্যক্তি নিহত হয়েছেন। তার নাম তন বিহারী চাকমা (৫৫)। গত বৃহস্পতিবার রাত ৯টার দিকে নিজ বাড়ির উঠোনে অজ্ঞাতপরিচয় দুর্বৃত্তরা তাকে গুলি করে হত্যা করে।

নিহত তন বিহারী চাকমা সাতভাইয়াপাড়ার বাসিন্দা লক্ষ্মীধন চাকমার ছেলে। পেশায় কৃষক তন বিহারী কোনো রাজনৈতিক দলের সঙ্গে সম্পৃক্ত ছিলেন না। কে বা কারা তাকে হত্যা করেছে সে বিষয়ে তার পরিবারের সদস্য বা গ্রামবাসী কেউই কিছু জানাননি। নিহতের স্বজনরাও মুখ খুলতে রাজি হচ্ছেন না।

নিহত তন বিহারী চাকমার ছেলে সুমন চাকমা দেশ রূপান্তরকে বলেন, তার বাবা খড় জ¦ালিয়ে বাড়ির উঠোনে আগুন পোহাচ্ছিলেন। গুলির শব্দ শুনে ঘর থেকে বের হয়ে বাবার মরদেহ উঠোনে পড়ে থাকতে দেখেন।

খাগড়াছড়ি সদর থানার ওসি মোহাম্মদ রশিদ দেশ রূপান্তরকে বলেন, ‘দুর্বৃত্তরা তন বিহারীকে ঘরের সামনে গুলি করে হত্যা করে চলে যায়। তার মুখে অস্ত্র ঠেকিয়ে গুলি করা হয়েছে বলে ধারণা করা হচ্ছে। খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য খাগড়াছড়ি জেলা সদর হাসপাতাল মর্গে পাঠায়। ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে তার লাশ হস্তান্তর করা হয়েছে।’

×
সর্বশেষ সর্বাধিক পঠিত