দক্ষিণ আফ্রিকার অন্যতম সেরা ব্যাটসম্যান গ্যারি কারস্টেনকে কোচ হিসেবে পেতে চেয়েছিল বাংলাদেশ। তবে আলোচনা এগোয়নি সেদিকে। তার বদলে স্টিভ রোডসকে খুঁজে দেন কারস্টেন। ভারতের বিশ্বকাপজয়ী কোচের সঙ্গে সেই থেকেই সুসম্পর্ক বাংলাদেশ ক্রিকেটের। সেই সুসম্পর্কের সুবিধা আসন্ন দক্ষিণ আফ্রিকা সিরিজে পাচ্ছে বাংলাদেশ। সিরিজের উদ্দেশ্যে আগেভাগে যাওয়া টেস্ট দলের ক্রিকেটারদের সঙ্গে তিনদিন সময় দিতে রাজি হয়েছেন কারস্টেন।
আফগানিস্তান সিরিজ শেষে আগামী ১২ মার্চ দক্ষিণ আফ্রিকা রওনা হবে বাংলাদেশ দল। করোনার কারণে টেস্ট ও ওয়ানডে দল একসঙ্গে যাবে। সফরে প্রথম ওয়ানডের ১২ দিন পর টেস্ট সিরিজ শুরু হবে। এই সময়ে অনুশীলন ক্যাম্প করবে টেস্ট দল। তাছাড়া সিরিজ আগে বলে ওয়ানডে ও টেস্ট দল পৃথক শহরে থাকবে। ওয়ানডে দল চলে যাবে জোহানেসবার্গে আর টেস্ট দল থাকবে কেপটাউনে গ্যারি কারস্টেনের অ্যাকাডেমিতে। ওই সময়ে দক্ষিণ আফ্রিকাতেই থাকবেন কারস্টেন। ফ্রি থাকায় বাংলাদেশ দলের অনুশীলনে কিছুটা সময় দিতে তার আপত্তি ছিল না। তিন দিনের মতো সময় দিয়ে কারস্টেন চলে আসবেন ভারতে আইপিএল ব্যস্ততায়। আসন্ন মৌসুমে নতুন ফ্র্যাঞ্চাইজি গুজরাট লায়ন্সের হেড কোচ তিনি।
বাংলাদেশ দলের অনুশীলনে কারস্টেনের উপস্থিতি অবশ্য শুধুই সৌহার্দ্যরে খাতিরে। এই সময় দেওয়ার জন্য আলাদা পারিশ্রমিক নেবেন না। এছাড়া বাংলাদেশ দলের সাবেক ফিল্ডিং কোচ আরেক প্রোটিয়া রায়ান কুকও এই অনুশীলন ক্যাম্পে থাকবেন।
