ইউক্রেন বন্দরে আটকা পড়েছে ‘বাংলার সমৃদ্ধি’

আপডেট : ২৮ ফেব্রুয়ারি ২০২২, ০১:৩১ এএম

রাশিয়া-ইউক্রেন যুদ্ধের কারণে ইউক্রেনের ‘অলভিয়া’ বন্দরে আটকা পড়েছে বাংলাদেশ শিপিং করপোরেশনের (বিএসসি) জাহাজ ‘বাংলার সমৃদ্ধি’। সেখানে মৃত্যু আতঙ্কের মধ্যে রয়েছেন জাহাজটির ২৯ নাবিক।

বিষয়টি নিশ্চিত করে বিএসসি কর্মকর্তারা বলেছেন, ইতিমধ্যে নৌপরিবহন মন্ত্রণালয় ও পররাষ্ট্র মন্ত্রণালয়কে অবহিত করা হয়েছে। আটকা পড়া নাবিকদের সেখান থেকে উদ্ধার করে আনার জন্য চেষ্টা চলছে।

বিএসসির নির্বাহী পরিচালক (বাণিজ্য) ড. পিযূষ দত্ত দেশ রূপান্তরকে বলেন, এখন পর্যন্ত জাহাজ ও নাবিকরা নিরাপদ অবস্থানে রয়েছেন। জাহাজে পর্যাপ্ত খাবারও রয়েছে বলে নাবিকরা জানিয়েছেন।

বিএসসি সূত্র জানায়, ‘বাংলার সমৃদ্ধি’ জাহাজটি গত ২৬ জানুয়ারি ভারতের মুম্বাই বন্দর থেকে যাত্রা করে এবং তুরস্কের ইরেগলি হয়ে ২১ ফেব্রুয়ারি ইউক্রেনের ‘অলভিয়া’ বন্দরের বহির্নোঙ্গরে পৌঁছে। ২২ ফেব্রুয়ারি জাহাজটি বন্দরে নোঙ্গর করে।

গত ২৪ ফেব্রুয়ারি থেকে রাশিয়া ইউক্রেনের ওপর বিমান হামলা শুরু করলে দু’দেশের মধ্যে যুদ্ধ বেধে যায়। এরপর থেকে গত চার দিন ধরে ইউক্রেনের বিভিন্ন শহরের ওপর একের পর এক মিসাইল হামলা চলছে বলে বিভিন্ন গণমাধ্যমের খবরে জানা যাচ্ছে।

বিএসসির নির্বাহী পরিচালক (বাণিজ্য) দেশ রূপান্তরকে বলেন, ‘যুদ্ধ পরিস্থিতি দেখে আমরা জাহাজটিকে কোনো পণ্য না নিয়ে বন্দর ছেড়ে আসার জন্য পরামর্শ দিয়েছিলাম। কিন্তু যেখানে জাহাজটি নোঙ্গর করেছে সেখান থেকে মূল সাগরে আসতে অন্তত ৬০ নটিক্যাল মাইল সরু পথ অতিক্রম করতে হবে। স্থানীয় পাইলট ছাড়া সেখান থেকে জাহাজ বের করে আনা সম্ভব নয়। কিন্তু ওই সময় কোনো পাইলট না পাওয়ায় জাহাজটি সেখানে আটকা পড়ে যায়।’

তিনি জানান, জাহাজটিতে থাকা ২৯ নাবিকের সকলেই বাংলাদেশি। তাদের সঙ্গে যোগাযোগ হচ্ছে। কীভাবে সেখান থেকে নিরাপদে তাদের উদ্ধার করে আনা যায়, সেই চেষ্টা চলছে। ইউক্রেনের অলভিয়া বন্দরে বাংলার সমৃদ্ধির আটকা পড়ার বিষয়টি সংশ্লিষ্ট বীমা প্রতিষ্ঠানকে অবহিত করা হয়েছে। তারাও জাহাজের বর্তমান অবস্থান সম্পর্কে নিশ্চিত হয়েছেন।

ওই জাহাজে থাকা বাংলাদেশি নাবিক ওমর ফারুক তুহিন দেশ রূপান্তরকে হোয়াটসঅ্যাপ মেসেজে জানান, ‘আমরা অত্যন্ত কঠিন অবস্থায় রয়েছি। যেকোনো সময় আমাদের জাহাজের ওপর বিমান হামলা হতে পারে।’ তিনি আরও জানিয়েছেন, এই মুহূর্তে তাদের কোথাও যাওয়ার সুযোগ নেই। আকাশে যুদ্ধবিমান উড়ছে। সেখানে দফায় দফায় বোমা বিস্ফোরণ হচ্ছে। আশেপাশে থাকা কয়েকটি জাহাজ ইতিমধ্যে বিধ্বস্ত হয়েছে। তারা সবই মৃত্যুর শঙ্কার মধ্যে রয়েছেন।

সমুদ্রপথে পণ্য পরিবহনকারী একমাত্র রাষ্ট্রীয় প্রতিষ্ঠান বিএসসির বহরে বর্তমানে আটটি জাহাজ রয়েছে। এগুলো হলো বাংলার জয়যাত্রা, বাংলার সমৃদ্ধি, বাংলার অর্জন, বাংলার অগ্রযাত্রা, বাংলার অগ্রদূত, বাংলার অগ্রগতি, বাংলার জ্যোতি ও বাংলার সৌরভ।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত