‘কাল্পনিক বিতর্ক বিজ্ঞান-দর্শন-সাহিত্য’ বইয়ের মোড়ক উন্মোচন বোরহানউদ্দিনে

আপডেট : ০১ মার্চ ২০২২, ০১:৪৪ পিএম

ভোলার বোরহানউদ্দিনে যুক্তরাষ্ট্রের ইলিনয় স্টেট ইউনিভার্সিটির ইমেরিটাস প্রফেসর পদার্থবিদ খন্দকার রেজাউল করিমের ‘কাল্পনিক বিতর্ক বিজ্ঞান-দর্শন-সাহিত্য’ বইয়ের মোড়ক উন্মোচন অনুষ্ঠিত হয়েছে।

স্থানীয় পৌরসভা মিলনায়তনে সৃজন বন্ধুসভার আয়োজনে প্রধান অতিথি ছিলেন বোরহানউদ্দিন পৌরসভার মেয়র মো. রফিকুল ইসলাম ও বিশেষ অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. সাইফুর রহমান। সভাপতিত্ব করেন সৃজন প্রকাশনীর প্রকাশক কবি জুননু রাইন।

বোরহানউদ্দিনের বর্তমান শিল্প-সংস্কৃতির পরিবেশ এবং অতীতে তাদের ছাত্রজীবনের সাহিত্যের পরিবেশ নিয়ে তুলনামূলক আলোচনা করেন মেয়র মো. রফিকুল ইসলাম। জিপিএ বা ফার্স্ট হওয়ার পেছনে না দৌড়ে জ্ঞান অর্জনের ওপর গুরুত্ব আরোপ করেন তিনি। শিগগিরই পৌরসভায় সব শ্রেণির পাঠকদের উপযোগী একটি সমৃদ্ধ লাইব্রেরি গড়ে তোলা হবে বলেও ঘোষণা দেন মেয়র।

বই পড়ার গুরুত্ব সম্পর্কে নিজের অভিজ্ঞতার আলোকে জ্ঞানগর্ভ আলোচনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সাইফুর রহমান। বই পড়ার গুরুত্ব নিয়ে বিভিন্ন মনীষীদের বক্তব্য উদ্ধৃত করে বলেন, সভ্যতার বিকাশে জ্ঞান অর্জনের কোন বিকল্প নেই। আর  জ্ঞানের অবাধ ভান্ডার হচ্ছে বই।

এ ছাড়া বক্তৃতা দেন বোরহানউদ্দিন মহিলা ডিগ্রি কলেজের অধ্যক্ষ মো. হারুন-অর-রশীদ, সহকারী অধ্যাপক মো. কামাল হোসেন, বোরহানউদ্দিনের বই পড়া চর্চার পথিকৃৎ মো. নুরুল আমিন হিরণ, ভোলা পলিটেকনিক ইনস্টিটিউটের কম্পিউটার বিভাগের চিফ ইনস্ট্রাক্টর মো. তৌফিকুল ইসলাম, সাংবাদিক মো. এমরান হোসেন, শিক্ষক ও সাংবাদিক  মোবাশ্বির হাসান শিপন, শিক্ষক বিশ্বজিৎ দে, মো. ফসিউর রহমান, সংস্কৃতিকর্মী অসীম কুমার পন্তি, ক্রীড়া সংগঠক সরোয়ার শিমুল প্রমুখ।

অনুষ্ঠানে স্কুল, কলেজের শিক্ষক-শিক্ষার্থী, সাংবাদিক, জনপ্রতিনিধি এবং সাহিত্যানুরাগীরা উপস্থিত ছিলেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত