অন্যের কবিতা নিজের নামে হুবহু ছেপে মেলায় বই

আপডেট : ০১ মার্চ ২০২২, ০২:২০ পিএম

কবিতা চুরি হওয়ার অভিযোগ প্রায় সময়ই শোনা যায়। এমন ভুক্তভোগীর তালিকায় অতিপরিচিত কবিরাও রয়েছেন। সম্প্রতি এমন অভিযোগ করেছেন খাদিজা ইভ। তার কবিতা হুবহু বইয়ে তুলে দিয়েছেন আরেক কবি শোভা চৌধুরী।

২০১৮ সালের ২ জুলাই ‘আশীর্বাদ ২’ শিরোনামে একটি কবিতা ফেসবুকে পোস্ট করেছিলেন খাদিজা ইভ। ‘আমার বাম স্তনে হাত দেওয়া ছেলে দুটো আবার তার বাবা-মায়ের কোলে ফিরে যাক’ এমন কথার কবিতাটি সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রশংসিত হয়েছিল।

২০২১ সালে ‘নিজেকে জ্বালিয়ে কেবল গণকবর রচিত হয়’ নামে একটি বইয়েও সেই কবিতাটি প্রকাশ করেন খাদিজা। কিন্তু এবারের বইমেলায় শোভা চৌধুরী ‘আমি শোভা বলছি’ নামের একটি বইয়ে সেই কবিতাটি হুবহু ছেপে দিয়েছেন বলে ফেসবুকে পোস্ট লিখে অভিযোগ করেন খাদিজা।

খাদিজা ইভ দেশ রূপান্তরকে বলেন, ‘আমি ফেসবুকে প্রতিবাদ করে পোস্ট লেখার পর শোভা চৌধুরী ফোন করে আমার কাছে ক্ষমা চেয়ে বইটি প্রত্যাহারের অঙ্গীকার করেছেন। এ রকম চুরি যদি চলতে থাকে, তবে তো আমরা অসহায়।’

দেশ রূপান্তর থেকে যোগাযোগ করা হলে শোভা অভিযোগটি স্বীকার করেন। খাদিজা ইভের কাছে তিনি ক্ষমা চেয়েছেন বলেও জানান।

কবিতাটি তার বইয়ে কীভাবে এসেছে বুঝতে পারেননি উল্লেখ করে শোভা বলেন, ‘আমি আবৃত্তি করি তো। মনে হয় আবৃত্তির চিরকুট থেকে আসতে পারে। আমি বুঝতে পারছি না বইয়ে কীভাবে এসেছে।’

এ নিয়ে বইমেলা পরিচালনা কমিটির সদস্যসচিব ড. জালাল আহমেদ বলেন, ‘মেলা পরিচালনা কমিটিকে বিষয়টি জানানো হলে, আমরা যথাযথ প্রক্রিয়ায় ব্যবস্থা নেব।’

×
সর্বশেষ সর্বাধিক পঠিত