রাজধানী ঢাকা ও আশপাশের জেলায় স্থাপিত সব অবৈধ ইটভাটা ১৫ দিনের মধ্যে গুঁড়িয়ে দিতে সংশ্লিষ্টদের নির্দেশ দিয়েছেন হাইকোর্ট।
মঙ্গলবার বিচারপতি মো. আশফাকুল ইসলাম ও বিচারপতি ইকবাল কবির সমন্বয়ে গঠিত হাইকোর্টের একটি ডিভিশন বেঞ্চ এ আদেশ দেন।
আদালতে রিটের পক্ষে শুনানি করেন সিনিয়র অ্যাডভোকেট মনজিল মোরসেদ।
তিনি বাসসকে জানান, ঢাকা জেলাসহ রাজধানীর পার্শ্ববর্তী মানিকগঞ্জ, মুন্সিগঞ্জ, গাজীপুর, নারায়ণগঞ্জে স্থাপিত সব অবৈধ ইটভাটা ১৫ দিনের মধ্যে গুঁড়িয়ে দিতে সংশ্লিষ্ট জেলা প্রশাসকদের নির্দেশ দিয়েছেন আদালত’।
আদালতে রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার কাজী মাঈনুল হাসান।
পরিবেশ অধিদপ্তর আদালতকে জানায়, মানিকগঞ্জের ১১টি অবৈধ ইটভাটার ৮টিতে, মুন্সিগঞ্জে ২৬টি অবৈধ ইটভাটার ১৬টিতে, ঢাকার ১১৩টির মধ্যে ২৫টিতে, গাজীপুর ৪৬টি অবৈধ ইটভাটার ৩৩টিতে ইতিমধ্যে অভিযান চালানো হয়েছে।
রিটের পক্ষের আইনজীবী জানান, পরিবেশ ছাড়পত্রসহ ইটভাটা স্থাপনে যে সব অনুমোদনপত্র প্রয়োজন সেগুলো ছাড়াই যেসব ইটভাটা এই ৫ জেলায় কার্যক্রম চালাচ্ছে তা এখন ভেঙে ফেলতে হবে। পরিবেশ রক্ষায় জনস্বার্থে হাইকোর্টে রিটটি দাখিল করা হয়।
