রাইট শেয়ার ইস্যুর এক বছরের মধ্যে জিরা কুপন বন্ড ছেড়ে অর্থ সংগ্রহের অনুমোদন পেয়েছে পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি ন্যাশনাল পলিমার ইন্ডাস্ট্রিজ লিমিটেড। এবার কোম্পানিটি বন্ড ছেড়ে ৩০০ কোটি টাকা সংগ্রহ করবে। গতকাল মঙ্গলবার পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (এসইসি) তাদের নিয়মিত সভায় প্লাস্টিকসামগ্রী নির্মাতা এ প্রতিষ্ঠানের জিরো কুপন বন্ডের অনুমোদন দিয়েছে। এর আগে গত বছর রাইট শেয়ার ছেড়ে ৫৪ কোটি টাকারও বেশি সংগ্রহ করেছিল কোম্পানিটি।
ন্যাশনাল পলিমারের পরিচালকদের ব্যক্তিগত নিশ্চয়তা দেওয়ার শর্তে কমিশন এ জিরো কুপন বন্ডের প্রস্তাব অনুমোদন করেছে বলে এসইসি এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়।
ন্যাশনাল পলিমারের ৩০০ কোটি টাকার ট্রান্সফারেবল, অবসায়নযোগ্য, অরূপান্তরিত, আনসিকিউরড জিরো কুপন বন্ডের অভিহিত মূল্য ৪০৮ কোটি ৯৫ লাখ টাকা। বন্ডটির প্রতি ইউনিটের ইস্যু মূল্য ১ হাজার টাকা। বন্ডটির ন্যূনতম সাবস্ক্রিপশন ৩ হাজার টাকা। প্রাইভেট প্লেসমেন্টের মাধ্যমে বন্ডটি ইস্যু করা হবে। অনুমোদন পাওয়া বন্ডটির ইল্ড টু ম্যাচিউরিটি বা বার্ষিক রিটার্নের হার ৮ শতাংশ। এ বন্ড ইস্যুর মাধ্যমে ন্যাশনাল পলিমার ঋণ পুনঃঅর্থায়ন সম্পন্ন করার পর মূলধনী যন্ত্রপাতি ও বিল্ডিং এবং অবকাঠামো নির্মাণ করবে।
বন্ডটির ট্রাস্টি হিসেবে দায়িত্ব পালন করবে বাংলাদেশ ফাইন্যান্স লিমিটেড এবং অ্যারেঞ্জার ও উপদেষ্টা হিসেবে কাজ করছে রিভারস্টোন ক্যাপিটাল লিমিটেড। বন্ডটি অলটারনেটিভ ট্রেডিং বোর্ডে তালিকাভুক্ত হবে। এর আগে ২০২১ সালের ফেব্রুয়ারিতে জমি ক্রয়, জমি উন্নয়ন, মূলধনী যন্ত্রপাতি আমদানি ও ব্যাংক ঋণ পরিশোধে রাইট শেয়ার ইস্যুর মাধ্যমে ৫৪ কোটি ৭৩ লাখ টাকা সংগ্রহ করে ন্যাশনাল পলিমার।
