রাজধানীতে রিকশা দিয়ে যাওয়ার সময় মায়ের কোল থেকে পড়ে অন্য রিকশার চাপায় অভিমুন্য নামে এক শিশুর মৃত্যু হয়েছে। গতকাল বুধবার রাতে গেন্ডারিয়ার দয়াগঞ্জ রোডে এ ঘটনা ঘটে। রাত সাড়ে ৯টার দিকে শিশুটিকে মৃত ঘোষণা করেন ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের চিকিৎসক। রিকশা থেকে পড়ে আহত শিশুটির মা সুমা রানী ঢামেক হাসপাতালে চিকিৎসাধীন।
শিশুটির বাবা বিনয় বলেন, রিকশায় যাওয়ার পথে অন্য একটি রিকশার ধাক্কা খেয়ে অভিমুন্য ও তার মা ছিটকে পড়ে যায়। পরে আহত মা-ছেলেকে ঢামেক হাসপাতালে নেওয়া হয়। আমাদের বাসা যাত্রাবাড়ীর দনিয়ায়। আমার আরেকটি মেয়ে আছে।
ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. বাচ্চু মিয়া জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে। সংশ্লিষ্ট থানাকে জানানো হয়েছে।
