মানুষের ক্রয়ক্ষমতা বেড়েছে তিন গুণ : তথ্যমন্ত্রী

আপডেট : ০৪ মার্চ ২০২২, ০১:১২ এএম

দেশে গত ১৩ বছরে মানুষের ক্রয়ক্ষমতা প্রায় তিন গুণ বেড়েছে বলে মন্তব্য করেছেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড. হাছান মাহমুদ। তিনি বলেছেন, ‘মাথাপিছু আয় বেড়েছে প্রায় সাড়ে চার গুণ। পাশাপাশি দ্রব্যমূল্যের ক্ষেত্রে ভারতে, ইউরোপে, মার্কিন যুক্তরাষ্ট্রে গত কয়েক বছরে সব ভোগ্যপণ্যের দাম যেভাবে বেড়েছে, বাংলাদেশে মূল্যবৃদ্ধি সেই তুলনায় অনেক কম।’

গতকাল বৃহস্পতিবার দুপুরে রাজধানীতে জাতীয় প্রেস ক্লাবে ঐতিহ্যবাহী জাতীয় শিশু-কিশোর ও যুবকল্যাণ সংগঠন ‘চাঁদের হাট’ আয়োজিত রফিকুল হক দাদুভাই স্মৃতি পদক প্রদান অনুষ্ঠান শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এসব কথা বলেন তিনি।

তথ্যমন্ত্রী বলেন, ‘পৃথিবীতে সব সময় দ্রব্যমূল্য বেড়েছে, কখনো কমেনি। যখন বাংলায় দুর্ভিক্ষ হয়, তখন এক আনা অর্থাৎ ১৬ পয়সায় কয়েক কেজি চাল পাওয়া যেত, কিন্তু বাংলায় দুর্ভিক্ষ হয়েছে। অর্থাৎ দেখতে হবে, দ্রব্যমূল্যের সঙ্গে মানুষের ক্রয়ক্ষমতা বেড়েছে কি না। গত ১৩ বছরে দেশের মানুষের মাথাপিছু আয় বেড়েছে প্রায় সাড়ে চার গুণ আর নিম্ন আয়ের মানুষের ক্রয়ক্ষমতা বেড়েছে প্রায় তিন গুণ, মধ্যম আয়ের মানুষেরও ক্রয়ক্ষমতা তার কাছাকাছি রয়েছে। এ ছাড়া বাংলাদেশে আগে দাবি-দাওয়া হতো একজন শ্রমিকের মজুরি হতে হবে সাড়ে তিন কেজি চালের মূল্যের সমান আর এখন একজন শ্রমিক কমপক্ষে ১২ থেকে ১৫ কেজির চালের মূল্যের সমান মজুরি পায়, যার অর্থ মানুষের ক্রয়ক্ষমতা বেড়েছে।’

সমাবেশে পুলিশের বাধা নিয়ে বিএনপির অভিযোগ প্রসঙ্গে তিনি বলেন, ‘মির্জা ফখরুল সাহেব কিংবা তাদের অন্য নেতারা যারা এ বিষয়ে কথা বলছেন তাদের অনুরোধ জানাব যে সরকারের দিকে আঙুল না তুলে নিজেদের মারামারিটা বন্ধ করার জন্য। বিএনপি বেশ কিছুদিন আগে থেকেই খালেদা জিয়াকে বিদেশে পাঠানোর দাবিতে সারা দেশে কর্মসূচি পালন করেছে খুব নির্বিঘেœ, কোনো কোনো জায়গায় তারা নিজেরা নিজেরা মারামারি করেছে। কয়েক দিন আগে ঘোষিত কর্মসূচিও তারা পালন করেছে। কোনো জায়গাতেই তাদের কোনো অসুবিধা হয়নি।’

এর আগে দাদুভাই স্মৃতিপদক অনুষ্ঠানে ‘চাঁদের হাট’ প্রতিষ্ঠাতা রফিকুল হক দাদু ভাইয়ের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে ড. হাছান মাহমুদ বলেন, ‘মানবিক গুণাবলি বিকাশে চাঁদের হাটের মতো সংগঠনের প্রয়োজনীয়তা রয়েছে। চাঁদের হাট এমন একটি সংগঠন যেটি বাংলাদেশে প্রচুর গুণিজনের জন্ম দিয়েছে এবং শিশু-কিশোরদের মেধা ও মনন বিকাশে, তাদের সাহিত্যমন্য করতে চাঁদের হাট কয়েক দশক ধরে যে ভূমিকা রেখেছে তা সত্যিই অতুলনীয়।’

চাঁদের হাটের সভাপতি ইয়াহিয়া সোহেলের সভাপতিত্বে অনুষ্ঠানে সাংবাদিকতায় যুগান্তরের সম্পাদক সাইফুল আলম, সংগীত রচনায় মো. মঞ্জুর উল আলম চৌধুরী, ছড়া-সাহিত্যে ফারুক হোসেন ও বিশিষ্ট ক্রীড়াবিদ মো. জাকারিয়া পিন্টুর হাতে আজীবন সম্মাননা পদক তুলে দেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী। অনুষ্ঠানে আরও বক্তব্য দেন পদকপ্রাপ্ত গুণিজন, সংগঠনের সহসভাপতি ও পদক প্রদান আয়োজন সমন্বয়ক মুফতি আহমেদ এবং প্রেসিডিয়াম সদস্য জামিউর রহমান লেমন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত