শিক্ষক বিবি রাসেল-তারিক আনাম

আপডেট : ০৪ মার্চ ২০২২, ১০:৩১ পিএম

সম্প্রতি রবীন্দ্র সৃজনকলা বিশ্ববিদ্যালয়ের ফ্যাশন ডিজাইন বিভাগে আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন ফ্যাশন আইকন বিবি রাসেল এবং নাট্যকলা বিভাগের বিশিষ্ট নাট্যব্যক্তিত্ব তারিক আনাম খান সাম্মানিক শিক্ষক হিসেবে যুক্ত হয়েছেন। রবীন্দ্র সৃজনকলা বিশ্ববিদ্যালয়ের স্বপ্নদ্রষ্টা প্রয়াত জাতীয় অধ্যাপক আনিসুজ্জামান। সাম্মানিক শিক্ষক হিসেবে যুক্ত হওয়া প্রসঙ্গে বিবি রাসেল বলেন, ‘ফ্যাশনের সঠিক ও বাস্তবভিত্তিক জ্ঞান এখন সময়ের দাবি। রবীন্দ্র সৃজনকলা বিশ্ববিদ্যালয়ের ফ্যাশন ডিজাইন বিভাগের কোর্সগুলো এমনভাবে সাজানো হবে যেন একজন শিক্ষার্থী তার অর্জিত জ্ঞান বাস্তব জীবনে কাজে লাগিয়ে সুপ্রতিষ্ঠিত হতে পারে এবং বিশ্বদরবারে বাংলাদেশকে তুলে ধরতে পারে। সৃজনশীল এই বিশ্ববিদ্যালয়ের অগ্রযাত্রায় পাশে থাকতে পেরে আমি অত্যন্ত আনন্দিত।’

তারিক আনাম খান জানান, ‘সৃষ্টিই আসলে মানুষকে বাঁচিয়ে রাখে, সৃজনশীলতাই সভ্যতাকে বাঁচিয়ে রাখে। আমরা যারা নাট্যকলার চর্চা করি তারা আসলে ভীষণ রকমের সৃজনশীলতার মধ্য দিয়ে যাই। আমার খুব সৌভাগ্য সৃজনশীল এই বিশ্ববিদ্যালয়ের তথা নাট্যকলা বিভাগের সঙ্গে সম্পৃক্ত হতে পেরেছি। বাংলাদেশের নাট্যচর্চা সমগ্র বিশ্বে ছড়িয়ে পড়ুক, নতুনভাবে বিকশিত হোক আমার এই আকাক্সক্ষা রইল।’

রবীন্দ্র সৃজনকলা বিশ্ববিদ্যালয়ের শিক্ষাকার্যক্রমে শিক্ষক হিসেবে এর আগে যুক্ত হয়েছেন দেশবরেণ্য সংগীতশিল্পী রেজওয়ানা চৌধুরী বন্যা, নাট্যব্যক্তিত্ব রামেন্দু মজুমদার, অভিনেত্রী শম্পা রেজা, নৃত্যশিল্পী লায়লা হাসান, শিবলী মোহাম্মদ ও শামীম আরা নীপা।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত