মুক্তির প্রথম দিন থেকেই বক্স অফিসে ব্যাপক দাপট দেখাচ্ছে সঞ্জয়লীলা বানসালি পরিচালিত ছবি ‘গাঙ্গুবাই কাঠিয়াওয়াড়ি’। সপ্তাহ শেষেও জারি থাকল সেই দাপট। জানা গেছে, মুক্তির প্রথম সপ্তাহে বক্স অফিসে বিশ্বব্যাপী ১০০ কোটির ব্যবসা করেছে ছবিটি। এর মাধ্যমে বলিউডে নারী প্রধান ছবির আয়ের ক্ষেত্রে দুই নম্বরে জায়গা করে নিল সুপারস্টার আলিয়া ভাট অভিনীত ছবিটি। এই তালিকার সেরা পাঁচে এই নায়িকার ‘রাজি’ ছবিটিও রয়েছে। ইন্সটাগ্রামে বানশালি প্রোডাকশন হাউজের তরফ থেকে একটি পোস্টার শেয়ার করা হয়েছে। যেখানে বলা হয়েছে, বিশ্বব্যাপী বক্স অফিসে এখন পর্যন্ত ‘গাঙ্গুবাই’ ব্যবসা করেছে ১০৮.৩ কোটি রুপি। যার ক্যাপশনে লেখা, ‘এতটা ভালোবাসার জন্য অনেক ধন্যবাদ।’ করোনা আবহের মধ্যে মুক্তিপ্রাপ্ত আলিয়া অভিনীত ‘গাঙ্গুবাই কাঠিয়াওয়াড়ি’ সিনেমাটির প্রথম দিনের আয় দাঁড়িয়েছিল ১০.৫০ কোটি রুপি। করোনাকালে যা সবাইকে অবাক করেছে। এরপর মুক্তির দ্বিতীয় দিনে প্রথম দিনের তুলনায় সামান্য বেশি ব্যবসা করে ছবিটির আয় ছিল ১৩.৪০ কোটি রুপি। তবে তৃতীয় দিন (রবিবার) অর্থাৎ ভারতের ছুটির দিনে আয় আরও বেড়ে গিয়ে ছবিটি সংগ্রহ করেছে ১৫ কোটি রুপি। ফলে তিন দিনে ছবিটির সর্ব মোট আয় দাঁড়িয়েছিল সাড়ে ৩৮ কোটি রুপি। ‘গাঙ্গুবাই কাঠিয়াওয়াড়ি’ সিনেমাটির গল্প গড়ে উঠেছে এক মাফিয়া কুইনের জীবনের গল্প নিয়ে। যার কেন্দ্রীয় চরিত্র ‘গাঙ্গুবাই’। আর সেই চরিত্রেই অভিনয় করেছেন আলিয়া ভাট। আলিয়া ছাড়াও এই ছবিতে দেখা মিলেছে শান্তনু মহেশ্বরী, অজয় দেবগন, বিজয় রাজের।
×
