জাদেজাময় ম্যাচে বিধ্বস্ত শ্রীলঙ্কা

আপডেট : ০৬ মার্চ ২০২২, ০৭:০৫ পিএম

মোহালিতে দুই ম্যাচ সিরিজের প্রথম টেস্টে শ্রীলঙ্কাকে রীতিমতো উড়িয়ে দিয়েছে ভারত।

রবীন্দ্র জাদেজার অলরাউন্ড নৈপুণ্যে রবিবার ইনিংস ও ২২ রানের দাপুটে জয় তুলে নিয়েছে স্বাগতিকেরা। সেটাও ম্যাচের দুই দিন হাতে রেখে।

জাদেজা ১৭৫ রানের অপরাজিত ইনিংস খেলার পর বল হাতেও রাজত্ব করেছেন। ৪১ রান খরচায় ৫ উইকেট তুলে নিয়ে শ্রীলঙ্কার প্রথম ইনিংস গুটিয়ে দেন ১৭৪ রানেই।

ফলোঅন করতে নেমে লঙ্কানদের দ্বিতীয় ইনিংস থামে ১৭৮ রানে। এবার জাদেজার শিকার ৪৬ রানে ৪ উইকেট।

ম্যাচে জাদেজার বোলিং ফিগার ৯-৮৭। মাত্র ষষ্ঠ ক্রিকেটার হিসেবে এক টেস্টে দেড় শ ছাড়ানো ইনিংস ও ৫ উইকেট নেওয়ার কীর্তি গড়েছেন তিনি।

লঙ্কানদের দ্বিতীয় ইনিংসে ৪ উইকেট নিয়েছেন রবিচন্দ্রন অশ্বিনও। প্রথম ইনিংসে তার শিকার ছিল ২টি। অনিল কুম্বলের পর ভারতের দ্বিতীয় সর্বোচ্চ উইকেট শিকারি এখন তিনি। ব্যাট হাতেও এ ম্যাচে ফিফটি করেন অশ্বিন।

আগের দিন ৮ উইকেটে ৫৭৪ রান তুলে প্রথম ইনিংস ঘোষণা করেছিল ভারত। শ্রীলঙ্কা ৪ উইকেটে ১০৮ রান তুলে দিন শেষ করেছিল।

সেখান থেকে নতুন দিন শুরু করে একপর্যায়ে শ্রীলঙ্কার স্কোর ছিল ৪ উইকেটে ১৬১। কিন্তু এরপর মাত্র ১৩ রান যোগ করতেই ৬ উইকেট হারিয়ে ফলোঅনে পড়ে দলটি।

ভারতের টেস্ট অধিনায়ক হিসেবে রোহিতের এটি প্রথম জয়। ম্যাচসেরা হয়েছেন জাদেজা।

বেঙ্গালুরুতে সিরিজের দ্বিতীয় টেস্ট শুরু হবে ১২ মার্চ থেকে।

সংক্ষিপ্ত স্কোর

প্রথম টেস্ট, মোহালি

ভারত ৫৭৪-৮ ডিক্লেয়ার: জাদেজা ১৭৫*, পন্ত ৯৬, অশ্বিন ৬১; লাকমাল ২-৯০

শ্রীলঙ্কা ১৭৪: (জাদেজা ৫-৪১) এবং ১৭৮ (অশ্বিন ৪-৪৭, জাদেজা ৪-৪৬)

ফল: ভারত ইনিংস এবং ২২ রানে জয়ী।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত