১৯৭১ সালের ৭ মার্চ, বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে স্মরণীয় ও গুরুত্বপূর্ণ দিন। মূলত সেদিনই চেতনাগতভাবে স্বাধীন দেশ হিসেবে বাংলাদেশের অভ্যুদয় ঘটে। বাঙালির অবিসংবাদিত নেতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ১০ লক্ষাধিক লোকের সমাবেশে পাকিস্তানি শাসকের হুমকির মুখেও রেসকোর্স ময়দানে ২৩ বছরের বঞ্চিত, অবহেলিত ও শোষিত বাঙালিকে স্বাধীনতার মন্ত্রে উজ্জীবিত করেন। তার ১৯ মিনিটের অসামান্য ভাষণ রাজনৈতিক প্রজ্ঞা ও দূরদৃষ্টির সাক্ষ্য। মুক্তিকামী বাঙালির স্বাধীনতা আন্দোলনের কর্মপন্থা-কৌশল তুলে ধরেন, দেন সঠিক দিকনির্দেশনা। ‘আর যদি একটা গুলি চলে, আর যদি আমার লোককে হত্যা করা হয়, তোমাদের ওপর আমার অনুরোধ রইল প্রত্যেক ঘরে ঘরে দুর্গ গড়ে তোলো। তোমাদের যা কিছু আছে তাই নিয়ে শত্রুর মোকাবিলা করতে হবে।’
প্রায় দুইশ বছর ব্রিটিশ শাসন ও তেইশ বছরের পাকিস্তানি শোষণের শিকার বাঙালি জাতি। ১৯৪৭-এর দেশভাগের পর থেকেই পাকিস্তানি শাসকগোষ্ঠী পূর্ববাংলায় আধিপত্যে বিস্তারে নতুন নতুন ষড়যন্ত্রের জাল বিস্তার করতে থাকে। ১৯৪৮ থেকে ১৯৭১ সাল পর্যন্ত স্বাধীনতা অর্জনের লক্ষ্যে নিরলস সংগ্রাম-আন্দোলন করতে থাকেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। ১৯৪৮ থেকে শুরু করে ১৯৫২-এর ভাষা আন্দোলন, ১৯৬৬-এর ছয় দফা, ঊনসত্তরের গণ-অভ্যুত্থান, সত্তরের সাধারণ নির্বাচনে জয়লাভ, সর্বোপরি, একাত্তরের মুক্তিযুদ্ধ এই দীর্ঘ আন্দোলন-সংগ্রামের মাধ্যমে তিনি স্বাধীন-সার্বভৌম বাংলাদেশের অভ্যুদয়কে অবশ্যম্ভাবী করে তোলেন। ছয় দফায় বঙ্গবন্ধু পূর্ব পাকিস্তানের স্বায়ত্তশাসনের দাবি তুলেছিলেন। সত্তরের নির্বাচনে সেই স্বাধিকারের পক্ষে নিরঙ্কুশ রায় দেয় জনগণ। ইয়াহিয়া খান ১৯৭১-এর ৩রা মার্চ ঢাকায় জাতীয় পরিষদের অধিবেশন আহ্বান করেন। কিন্তু পশ্চিম পাকিস্তানের পিপিপি নেতা জেড এ ভুট্টো এবং পাকিস্তান সামরিক চক্র আওয়ামী লীগের কাছে ক্ষমতা হস্তান্তরের ব্যাপারে ষড়যন্ত্র শুরু করে। জনরোষ তুঙ্গে ওঠে। ৬ মার্চ পর্যন্ত হরতাল, মিটিং, মিছিলের মাধ্যমে অহিংস আন্দোলন চলছিল। বঙ্গবন্ধু বুঝে গেলেন আন্দোলনের কৌশল পরিবর্তন করতে হবে, নইলে মুক্তি নেই। ৭ মার্চ রেসকোর্স ময়দানে উপস্থিত থাকার জন্য দেশবাসীকে আহ্বান জানান তিনি। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ১৯ মিনিটের এক ভাষণের মধ্যেই অনুপ্রাণিত করে তোলেন লাখো বাঙালিকে, শানিত করেন বাঙালির সাহস। ২৩ বছরের পটভূমি তুলে ধরে বঙ্গবন্ধু বলেন, ‘২৫ তারিখ অ্যাসেম্বলি ডেকেছেন। রক্তের দাগ শুকায় নাই। রক্তে পাড়া দিয়ে, শহীদের ওপর পাড়া দিয়ে, অ্যাসেম্বলি খোলা চলবে না।’ বঙ্গবন্ধু বলেছেন, ‘আমি প্রধানমন্ত্রিত্ব চাই না। দেশের মানুষের অধিকার চাই।... আমরা যখন মরতে শিখেছি, তখন কেউ আমাদের দাবায় রাখতে পারবা না।’ তিনি একদিকে পাকিস্তানি জান্তাকে হুঁশিয়ার করেন, ‘সাত কোটি মানুষকে দাবায় রাখতে পারবা না।’ একই সঙ্গে নিরস্ত্র বাঙালিকে শিখিয়ে দেন কীভাবে শত্রুর আঘাতে প্রতিঘাত করতে হবে, ‘জীবনের তরে রাস্তাঘাট যা যা আছে সবকিছু, আমি যদি হুকুম দেবার নাও পারি, তোমরা বন্ধ করে দেবে। আমরা ভাতে মারব, পানিতে মারব।’
বঙ্গবন্ধু ৭ মার্চেই স্বাধীনতার ঘোষণা দেবেন এটা নিয়ে কারও দ্বিমত ছিল না। তবে বঙ্গবন্ধু এ ক্ষেত্রে কিছুটা কৌশলী ভূমিকা পালন করেন। তিনি স্বাধীনতার ঘোষণা দেবেন, আর ইয়াহিয়া মুক্তিকামী জনতাকে নির্বিচারে হত্যা করবে তা তিনি চাননি। ৬ই মার্চ রাতে ইয়াহিয়া দীর্ঘ ফোনালাপে বঙ্গবন্ধুকে সতর্ক করেন, তিনি যেন এমন কোনো সিদ্ধান্ত গ্রহণ না করেন, যেখান থেকে ফেরার আর উপায় না থাকে। বঙ্গবন্ধু একবারও উচ্চারণ করলেন না যে এটাই স্বাধীনতার ঘোষণা, অথচ পাকিস্তানি শাসককে থোড়াই কেয়ার করে কৌশলে স্বাধীনতার ঘোষণা দিয়ে দিলেন। বজ্রকণ্ঠে তিনি ঘোষণা করেন, ‘প্রত্যেক গ্রামে, প্রত্যেক মহল্লায়, আওয়ামী লীগের নেতৃত্বে সংগ্রাম পরিষদ গড়ে তোলো এবং তোমাদের যা কিছু আছে তা-ই নিয়ে প্রস্তুত থাকো। মনে রাখবা, রক্ত যখন দিয়েছি, রক্ত আরও দেব এ দেশের মানুষকে মুক্ত করে ছাড়ব ইনশাআল্লাহ।’
৭ মার্চ বঙ্গবন্ধু সরাসরি স্বাধীনতা ঘোষণা করলে সেটা হতো বাঙালির জন্য চরম আত্মঘাতী। তিনি চেয়েছিলেন, ইয়াহিয়া-ভুট্টো যেন অপ্রস্তুত ও নিরস্ত্র বাঙালির ওপর হামলা চালানোর অজুহাত না পায়।
৭ মার্চের ভাষণের মূল উপজীব্য নির্দিষ্ট করার লক্ষ্যে আওয়ামী লীগের কেন্দ্রীয় ওয়ার্কিং কমিটি একটানা ৩৬ ঘণ্টা বৈঠক করে। বৈঠকে তারা কোনো স্থির সিদ্ধান্তে পৌঁছাতে পারে না। তখন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান উদ্ভূত পরিস্থিতি বিবেচনায় যা বলা আবশ্যক তাই বলার দায়িত্ব নেন। ৭ মার্চের ঐতিহাসিক ভাষণের অন্যতম দিক হচ্ছে, তাৎক্ষণিকভাবে এত চমৎকার একটি ভাষণ তিনি উপস্থাপন করেন। ভাষণটি খুব পরিমিত ছিল। শুনে মনে হয় তিনি জনসমুদ্রের মানুষগুলোর সঙ্গে সংলাপ করছেন। দেশবাসীর বোধগম্য ভাষাতেই কথা বলেছেন। ঘোরতর প্রতিপক্ষ ও শত্রুকেও সৌজন্যমূলক সম্বোধন করেছেন।
৭ মার্চের ভাষণের আগে নানা মুনির নানা মত উপেক্ষা করে বঙ্গবন্ধু তার চিরচেনা ভঙ্গিতে লাখো জনতার সামনে যে ইতিহাসখ্যাত দূরদর্শী ও সময়োপযোগী ভাষণ দেন তার প্রেরণা তিনি পান বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিবের কাছ থেকে। বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার বড় সাক্ষী। তিনি তার ‘কিছু স্মৃতি কিছু কথা’ বইয়ে লিখেছেন বাসায় গিজগিজ করছে মানুষ। বেগম মুজিব সবাইকে তাদের ঘর থেকে বাইরে যেতে বললেন। ঘরে তখন বঙ্গবন্ধু বেগম মুজিব আর শেখ হাসিনা। তিনি বললেন তুমি দশটা মিনিট শুয়ে রেস্ট নাও। শেখ হাসিনার ভাষায় ‘আমি মাথার কাছে, মা মোড়াটা টেনে নিয়ে আব্বার পায়ের কাছে বসলেন। মা বললেন, মনে রেখ তোমার সামনে লক্ষ মানুষ। এই মানুষগুলোর নিরাপত্তা এবং তারা যেন হতাশ হয়ে ফিরে না যায় সেটা দেখা তোমার কাজ। কাজেই তোমার মনে যা আসবে তাই তুমি বলবা। কারও কোনো পরামর্শ দরকার নেই। তুমি মানুষের জন্য সারা জীবন কাজ করো, কাজেই কী বলতে হবে তুমি জানো। এত কথা, এত পরামর্শ কারও কথা শুনবার তোমার দরকার নেই। এই মানুষগুলোর জন্য তোমার মনে যেটা আসবে সেটা তুমি বলবা।’
বঙ্গবন্ধুর ৭ মার্চের ভাষণের একটি বড় বৈশিষ্ট্য হলো এর সর্বজনীনতা। এই ভাষণ দেশ-কালের গণ্ডি ছাড়িয়ে সর্বজনীন হয়েছে। অলিখিত বক্তৃতাটিতে কোনো পুনরুক্তি ছাড়াই একটি জাতির স্বপ্ন, সংগ্রাম আর ভবিষ্যতের দিকনির্দেশনা দিয়েছেন। এই ভাষণটি একটি জাতির প্রত্যাশার আয়নায় পরিণত হয়েছে। এই ভাষণের এমনই শক্তি যে বাঙালি জাতিকে মুক্তিযুদ্ধে ঝাঁপিয়ে পড়তে উদ্বুদ্ধ করে তোলে মাত্র উনিশ মিনিটে। দীর্ঘ ৯ মাসের মুক্তিযুদ্ধেও এই ভাষণই বাঙালিকে প্রেরণা জুগিয়েছে। ২০১৭ সালের ৩০ অক্টোবরে ইউনেসকো জাতির পিতা শেখ মুজিবুর রহমানের ৭ মার্চের অমর এই ভাষণকে ‘বিশ্বের প্রামাণ্য ঐতিহ্য’ হিসেবে স্বীকৃতি দেয়। ভাষণটি মেমোরি অব দ্য ওয়ার্ল্ড ইন্টারন্যাশনাল রেজিস্টারে সংগৃহীত হয়। বিশ্ব ঐতিহ্যের তালিকায় স্থান করে নেওয়া এই ভাষণ এরই মধ্যে ২৩টি ভাষায় অনূদিত হয়েছে।
৭ মার্চের ঐতিহাসিক ভাষণ একটি জাতির স্বাধীনতা আর স্বতন্ত্র উত্থানের পথ খুলে দিয়েছিল, কোটি কোটি মানুষের বাঁচার দাবি নিয়ে এত অসাধারণ ভাষণ পৃথিবীতে আর ধ্বনিত হয়নি।
লেখক : যুগ্ম সাধারণ সম্পাদক, বাংলাদেশ আওয়ামী লীগ
