আর্থিক ক্ষতির মুখে রূপপুর

আপডেট : ০৭ মার্চ ২০২২, ০২:৫৩ এএম

পাবনার রূপপুরে নির্মাণাধীন দেশের প্রথম পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের একটি ইউনিট জাতীয় গ্রিডে পরীক্ষামূলক বিদ্যুৎ সরবরাহ করার কথা আগামী বছরের এপ্রিলে। তার পরের বছর অর্থাৎ ২০২৪ সালের ১৭ ফেব্রুয়ারি থেকে বাণিজ্যিকভাবে বিদ্যুৎ সরবরাহ করার কথা রয়েছে। কিন্তু যে সঞ্চালন লাইন দিয়ে বিদ্যুৎ সরবরাহ করা হবে সে লাইন নির্মাণের কাজ চলছে ধীরগতিতে। কোথাও কোথাও কাজ বন্ধ হয়ে আছে। এতে করে সময়মতো উৎপাদনে যাওয়ার ক্ষেত্রে জটিলতা তৈরি হয়েছে। এই জটিলতার কারণে আর্থিক ঝুঁকি তৈরি হবে বলে বিশেষজ্ঞরা বলছেন।

স্থানীয় আওয়ামী লীগ নেতাদের দৌরাত্ম্যে সঞ্চালন লাইন নির্মাণের কাজ মন্থর হয়ে আছে বলে জানা গেছে। এ ছাড়া বেশি টাকায় কাজ নিয়ে কম টাকায় দেশীয় ঠিকাদারদের দিয়ে কাজ করানোর কারণে অনেকে আগ্রহ দেখাচ্ছে না। সম্প্রতি পাবনা, নাটোর ও সিরাজগঞ্জে সরেজমিনে ঘুরে কাজ বন্ধ থাকতে দেখা গেছে। এ ছাড়া এখন পর্যন্ত সঞ্চালন লাইনের নদীর অংশে বা রিভার ক্রসিংয়ের কাজও শুরু হয়নি।

১ লাখ ১৩ হাজার কোটি টাকা ব্যয়ে রূপপুরে পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রটি তৈরি করা হচ্ছে, যা দেশে বাস্তবায়নাধীন মেগা প্রকল্পগুলোর মধ্যে সবচেয়ে বড়। বিদ্যুৎকেন্দ্রের মূল স্থাপনা নির্মাণের কাজ শুরু হয়েছে ২০১৬ সালের জানুয়ারিতে। এই কেন্দ্রটির দুটি ইউনিট। প্রতিটি ইউনিটে ১২০০ মেগাওয়াট করে বিদ্যুৎ উৎপাদন করা হবে। এই বিদ্যুৎকেন্দ্র নির্মাণে রাশিয়ার সরকারি সংস্থা রাশিয়ান স্টেট অ্যাটমিক এনার্জি করপোরেশনের (রোসাটম) সঙ্গে চুক্তি সই করেছে বাংলাদেশ। রোসাটমের সহযোগী প্রতিষ্ঠান অ্যাটমস্ট্রয় এক্সপোর্টকে কেন্দ্র নির্মাণের ঠিকাদার হিসেবে নিয়োগ করা হয়েছে। আর কেন্দ্রের বিদ্যুৎ সঞ্চালন লাইন নির্মাণের দায়িত্বে রয়েছে পাওয়ার গ্রিড কোম্পানি অব বাংলাদেশ (পিজিসিবি)। কেন্দ্রের দ্বিতীয় ইউনিট উৎপাদনে আসার পরিকল্পনা রয়েছে ২০২৫ সালে।

সঞ্চালন লাইন নির্মাণ বিষয়ে জানতে চাইলে পিজিসিবির ব্যবস্থাপনা পরিচালক গোলাম কিবরিয়া গত শনিবার দেশ রূপান্তরকে বলেন, ‘আমরা চেষ্টা করছি নির্দিষ্ট সময়ের মধ্যে কাজ শেষ করতে।’ এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘লাইন নির্মাণ সম্পন্ন বন্ধ রয়েছে আমার জানা নেই।’ এ বিষয়ে খোঁজ নিয়ে ব্যবস্থা নেওয়া হবে বলেও তিনি জানান।

সরকারি দলের প্রভাবশালীদের বাধায় কাজের গতি মন্থর: পিজিসিবির কর্মকর্তারা বলছেন, রূপপুর সঞ্চালন লাইনে ৪০০ কেভির (কিলো ভোল্ট) চারটি লাইন ও ২৩০ কেভির পাঁচটি লাইন নির্মাণ হবে। এর মধ্যে ৪০০ কেভির ৪৬৪ কিলোমিটারের মধ্যে ১৩ কিলোমিটার রিভার ক্রসিং বা নদী অতিক্রম করতে হবে। এ ছাড়া ২৩০ কেভির ২০৫ কিলোমিটার সঞ্চালন লাইনের মধ্যে ৭ কিলোমিটার রিভার ক্রসিং রয়েছে।

পিজিসিবির কর্মকর্তারা বলছেন, সঞ্চালন লাইনের আর্থিক অগ্রগতি মাত্র ৬ দশমিক ৫১ শতাংশ। আর ভৌত অগ্রগতি ২৬ শতাংশ। সঞ্চালন লাইন নির্মাণের বড় কাজ হলো টাওয়ার নির্মাণ। এখন পর্যন্ত কাজের সার্বিক অগ্রগতি ধরলে তা ১০ শতাংশের নিচে রয়েছে বলে তারা মনে করছেন।

পাবনার রূপপুর থেকে সিরাজগঞ্জ হয়ে যমুনা নদী পার হয়ে টাঙ্গাইল, সেখান থেকে ঢাকার ধামরাই পর্যন্ত সঞ্চালন লাইন নির্মাণকাজের ঠিকাদার প্রতিষ্ঠান ভারতের ট্রান্সরেইল। ভারতীয় কোম্পানি মূলত টাওয়ার নির্মাণের কাজ দিয়েছে বাংলাদেশি ঠিকাদারদের।

সরেজমিন দেখা গেছে, টাওয়ার নির্মাণ করতে গিয়ে পদে পদে বাধা পাচ্ছেন বাংলাদেশের ঠিকাদাররা।

গত শনিবার সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার খিজিরপাড়ার বজপড়ায় গিয়ে দেখা যায়, সেখানে টাওয়ার তৈরির কাজ বন্ধ। গতকাল পর্যন্ত কাজ বন্ধ ছিল বলে জানা গেছে। স্থানীয় লোকজন বলেছেন, হেলাল চৌধুরী ও বেলাল চৌধুরীর নেতৃত্বে টাওয়ার নির্মাণের কাজ বন্ধ করে দেওয়া হয়েছে। গত ১৭ দিন সেখানে খনন যন্ত্র নিয়ে বসে আছে ঠিকাদারের লোকজন। শুধু বজপড়াই নয়, গোটা উল্লাপাড়ায় কাজ বন্ধ করে দিয়েছেন এই দুজন।

হেলাল ও বেলাল নামের এই দুই ব্যক্তি স্থানীয় সংসদ সদস্যের কাছের লোক হিসেবে পরিচিত। উল্লাপাড়া থানায় সরকারি কাজে বাধাদানের বিষয়ে অভিযোগ জানানোর পরও স্থানীয় পুলিশ কোনো ব্যবস্থা নেয়নি। থানার পক্ষ থেকে বিষয়টি উল্লাপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তাকে জানানো হলেও তিনিও কোনো ব্যবস্থা নেননি। 

উল্লাপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা দেওয়ান মওদুদ আহমেদ দেশ রূপান্তরকে বলেন, ‘রূপপুর বিদ্যুৎকেন্দ্রের সঞ্চালন লাইন নির্মাণের কাজ বন্ধ রেখেছে স্থানীয় লোকজনএমন অভিযোগ পাইনি। আমি বিষয়টি খতিয়ে দেখব।’

বাংলাদেশি ঠিকাদাররা বলছেন, প্রভাবশালীদের জমির ওপর টাওয়ারের নকশা থাকলে তারা সেখানে নির্মাণে নানান ধরনের বাধা ও প্রতিবন্ধকতা সৃষ্টি করছে। এক্ষেত্রে স্থানীয় প্রশাসন ও পুলিশের কাছ থেকে কোনো সহায়তা পাওয়া যায় না।

ভারতীয়রা ‘কাগজ বেচে’ টাকা নেয়: সঞ্চালন লাইন নির্মাণের কাজ শুরু হয়েছে ২০২০ সালে। আগের বছর জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি (একনেক) প্রকল্পটি অনুমোদন করে। যদিও কাজ শুরু হওয়ার কথা ছিল ২০১৮ সালে।

সঞ্চালন লাইন নির্মাণ হচ্ছে ভারতের ‘লাইন অব ক্রেডিট’ (এলওসি) চুক্তির অধীনে। এ প্রকল্পের ব্যয় ধরা হয়েছে ১০ হাজার ৯৮ কোটি টাকা, এর মধ্যে ৮ হাজার ২১ কোটি টাকা দিচ্ছে ভারতীয় এক্সিম ব্যাংক। বাকিটার সংস্থান করছে সরকার ও পিজিসিবির নিজস্ব তহবিল থেকে।

ভারতের তিনটি প্রতিষ্ঠান রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের সঞ্চালন লাইনের কাজ পেয়েছে। এর মধ্যে এলএনটি ও ট্রান্সরেইল কাজ শুরু করেছে। তবে সঞ্চালন লাইন নির্মাণের কাজ সরাসরি করছে না এলএনটি ও ট্রান্সরেইল। ভারতীয় প্রতিষ্ঠানটি দুটি বাংলাদেশের স্থানীয় ঠিকাদারদের দিয়ে কাজ করাচ্ছে। এই কাজে যে টাকা দেওয়া হচ্ছে তা মূল বরাদ্দের চেয়ে অনেক কম। ভারতীয় কোম্পানি দুটি মূলত সরকারি অনুমোদন নিয়ে তা স্থানীয় ঠিকাদারদের দিয়ে কাজ করিয়ে মাঝখান থেকে কমিশন নিয়ে যাচ্ছে।

বাংলাদেশি ঠিকাদারদের ট্রান্সরেইল দিয়েছে প্রতিটি টাওয়ারের পাইলিং করার জন্য প্রতি বর্গমিটারে ১৭ হাজার টাকা। আর এলএনটি দিয়েছে ১৬৯০০ টাকা। গত তিন মাসের মধ্যে পাথরের দাম বেড়েছে ৩০ শতাংশ এবং সিমেন্টের দাম বেড়েছে গড়ে ১০ শতাংশ। ফলে এই অর্থে স্থানীয় ঠিকাদাররা কাজ করতে না পেরে অনেকে ইতিমধ্যে কাজ ছেড়ে দিয়েছে। এ ছাড়া ঠিকাদাররা বিল জমা দিলে ভারতীয় দুটি কোম্পানি সেই বিল ছাড় করছে ৩০ দিন পরে।  এ সবের কারণে সঞ্চালন লাইন নির্মাণের কাজ ধীর হয়ে গেছে। সময়মতো কাজ উঠবে না বলে একাধিক দেশীয় ঠিকাদার দেশ রূপান্তরকে জানিয়েছেন।

এ ছাড়া পিজিসিবি আগের যে গভীরতা ও ব্যাসে টাওয়ার নির্মাণ করত সেটাও রূপপুরের সঞ্চালন লাইনের ক্ষেত্রে কমিয়ে নিয়েছে।

আর্থিক ক্ষতির ঝুঁকি: এর আগে পায়রা বিদ্যুৎকেন্দ্র করার সময়ও এ রকম ঘটনা ঘটেছিল। তখন কেন্দ্রের জন্য বিদ্যুতের লাইন নির্মাণ না হওয়ায় তা সময়মতো পরীক্ষা-নিরীক্ষা করা যায়নি। এমনকি বিদ্যুৎকেন্দ্র নির্মাণ শেষ হলেও সেই বিদ্যুৎ ঢাকায় আনা যায়নি সঞ্চালন লাইনের অভাবে। ১৩২০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন ক্ষমতার কেন্দ্রটির মাত্র ৪০ শতাংশ ব্যবহার করা হচ্ছে। এতে করে প্রতিমাসে সরকারের গচ্ছা যাচ্ছে ১০০ কোটি টাকা।

বিশেষজ্ঞরা বলছেন, পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র কয়লাভিত্তিক কেন্দ্রের মতো নয় যে হুটহাট বন্ধ বা চালু করা যায়। এই কেন্দ্র একবার চালু হলে তা আর সহজে বন্ধ করা যায় না। পায়রা বিদ্যুৎকেন্দ্রের মতো এই কেন্দ্রটির মোট উৎপাদন ক্ষমতার আংশিক ব্যবহারের সুযোগও নেই।

তারা বলছেন, সময়মতো সঞ্চালন লাইন না হলে বিদ্যুৎকেন্দ্র চালু করাও পিছিয়ে যাবে। এসব কারণে প্রকল্পের ব্যয়ও বাড়বে।

ভোক্তা অধিকার সংগঠন কনজ্যুমারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ক্যাব) জ্বালানি উপদেষ্টা অধ্যাপক এম শামসুল আলম বলেন, ‘প্রথমত এই বিদ্যুৎ ঢাকায় আনার কোনো দরকার ছিল না। যারা ঢাকায় আনার পরিকল্পনা করেছে তারা মূলত প্রকল্পের ব্যয় বাড়িয়ে অর্থ লোপাটের জন্য সেটা করেছে। উত্তরের জেলাগুলোতে লো ভোল্টেজ সংকট রয়ে গেছে, রূপপুরের বিদ্যুৎ সেখানে দেওয়া যেত।’ তিনি আরও বলেন, ‘রূপপুরের সঞ্চালন লাইন নির্মাণের যা অবস্থা তা সময়মতো শেষ হবে না। যদি শেষ না করা যায় এটা মহাবিপর্যয় হবে বাংলাদেশের জন্য।’

সঞ্চালন লাইন নির্মাণ সময়মতো শেষ করতে হলে সরকারের সর্বোচ্চ পর্যায় থেকে নিয়মিত মনিটরিং দরকার এবং স্থানীয় প্রভাবশালী ব্যক্তিদের জবাবদিহির আওতায় আনা দরকার বলে শামসুল আলম মন্তব্য করেন।

সর্বশেষ সর্বাধিক পঠিত