ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ে সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি ও ময়মনসিংহ-৭ ত্রিশাল আসলের সংসদ সদস্য হাফেজ মাওলানা রুহুল আমীন মাদানী হঠাৎ শারীরিকভাবে অসুস্থ হয়ে পড়েছেন। সোমবার জরুরি ভিত্তিতে এয়ার অ্যাম্বুলেন্সের মাধ্যমে তাকে ঢাকায় নেওয়া হয়েছে।
পারিবারিক সূত্রে জানা যায়, সোমবার মধ্যরাতে হার্টের ব্যথা অনুভব করায় ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয় এমপি মাদানীকে। তার শারীরিক অবস্থা খারাপ হওয়ায় কর্তব্যরত চিকিৎসক বোর্ড বসিয়ে জরুরি ঢাকায় নেওয়ার পরামর্শ দেন।
সোমবার দুপুরে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল থেকে বাংলাদেশ বিমানবাহিনীর এয়ার অ্যাম্বুলেন্সের মাধ্যমে ঢাকায় বেসরকারি ইউনাইটেড হাসপাতালে নেওয়া হয়েছে।
এমপিপুত্র হাসান মাহমুদ জানান, গত কয়েক দিন আগে আমার বাবার বাংলাদেশ আই হাসপাতালে চোখের ছানি অপারেশন করা হয়। সোমবার রাতে হঠাৎ বুকের ব্যথা অনুভব করায় ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল ভর্তি করা হয়। পরে অবস্থার অবনতি হলে চিকিৎসকদের বোর্ডের পরামর্শে দুপুরে বিমানবাহিনীর এয়ার অ্যাম্বুলেন্সের মাধ্যমে ঢাকায় বেসরকারি ইউনাইটেড হাসপাতালে আনা হয়েছে। পরিবারের পক্ষ থেকে সকলের কাছে আমার বাবার সুস্থতার জন্য দোয়া কামনা করছি।
