তৈরি পোশাক মালিকদের সংগঠন বিজিএমইএর সভাপতি ফারুক হাসান বলেছেন, বাংলাদেশ এবং ইন্দোনেশিয়ার মধ্যে ঘনিষ্ঠ দ্বিপক্ষীয় সহযোগিতা দেশ দুটির পারস্পরিক বাণিজ্য সুবিধা, বিশেষ করে পোশাক ও বস্ত্র খাতে বাণিজ্য সুবিধা পাওয়ার পথ প্রশস্ত করতে পারে।
তিনি বলেন, দক্ষিণ এশিয়ার দুদেশের মধ্যে বাণিজ্যের বিশাল সম্ভাবনা রয়েছে। সুযোগের ক্ষেত্রগুলো চিহ্নিতকরণ এবং সুযোগগুলো পরিপূর্ণভাবে কাজে লাগানোর উপায়গুলো খুঁজে বের করতে পারস্পরিক সহযোগিতা প্রয়োজন।
গতকাল সোমবার বিজিএমইএ ও ইন্দোনেশিয়ান টেক্সটাইল অ্যাসোসিয়েশন ভার্চুয়াল প্লাটফর্মে আয়োজিত এক আলোচনা সভায় তিনি এ কথা বলেন।
ফারুক হাসান বলেন, বাংলাদেশ বর্তমানে প্রবৃদ্ধির পরবর্তী স্তরে যাওয়ার জন্য পণ্যের বৈচিত্র্যকরণ, বিশেষ করে হাই অ্যান্ড নন-কটন পোশাক ও টেকনিক্যাল টেক্সটাইলকে অগ্রাধিকার দিচ্ছে এবং এতে করে ম্যান-মেইড ফাইবার ও ফেব্রিক্সের চাহিদা তৈরি হয়েছে।
তিনি বলেন, ইন্দোনেশিয়ার টেক্সটাইল খাত বাংলাদেশের পোশাক শিল্পের চাহিদা মেটাতে পারে। অন্যদিকে, ইন্দোনেশিয়া বাংলাদেশ থেকে তৈরি পোশাক আমদানি করতে পারে।
