তুরস্কের বৈঠকে ‘স্থায়ী যুদ্ধবিরতির’ আশা করছেন এরদোয়ান

আপডেট : ০৯ মার্চ ২০২২, ০৭:০০ পিএম

তুরস্কের প্রেসিডেন্ট রেচেপ তায়েপ এরদোয়ান বলছেন, আগামীকাল বৃহস্পতিবার রাশিয়া ও ইউক্রেনের পররাষ্ট্রমন্ত্রীদের যে বৈঠকটি আনতালিয়ায় অনুষ্ঠিত হবে- তা একটি স্থায়ী যুদ্ধবিরতির পথ খুলে দেবে বলে তিনি আশা করছেন।

ইউক্রেনে রুশ অভিযান শুরুর পর এই প্রথম দুটি দেশের পররাষ্ট্রমন্ত্রীদের মধ্যে বৈঠক হতে যাচ্ছে।

তুরস্ক নেটো জোটের সদস্য হলেও রাশিয়া-ইউক্রেন সংকটে প্রেসিডেন্ট এরদোয়ান পশ্চিমা দেশগুলোর তুলনায় ভিন্ন এক ভূমিকা নিচ্ছেন।

চলমান যুদ্ধের মধ্যেই রাশিয়া ও ইউক্রেনের পররাষ্ট্রমন্ত্রীরা তুরস্কে আলোচনায় বসতে যাচ্ছেন। রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই লাভরভ ও ইউক্রেনের পররাষ্ট্রমন্ত্রী দিমিত্র কুলেবা তুরস্কে বৈঠক করবেন।

রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় এই তথ্যের সত্যতা নিশ্চিত করেছে। লাভরভ ও কুলেবার মধ্যে চলতি সপ্তাহেই বৈঠকটি হতে পারে বলে জানানো হয়েছে।

গত ২৪ ফেব্রুয়ারি ইউক্রেনে বিশেষ সামরিক অভিযান শুরু করে রাশিয়া। ইউক্রেনে রুশ হামলা শুরুর পর এই প্রথম দুই দেশের পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ে বৈঠক হতে যাচ্ছে।

রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মারিয়া জাখারোভা আজ সকালে বলেছেন, লাভরভ একটি আন্তর্জাতিক কূটনৈতিক ফোরামের আয়োজনে যোগ দিতে তুরস্কের আন্টালিয়ায় যাবেন। সেখানেই তাঁর সঙ্গে কুলেবার বৈঠকের পরিকল্পনা করা হয়েছে।

মারিয়া জাখারোভার উদ্ধৃতি দিয়ে এই খবর প্রচার করেছে রাশিয়ার রাষ্ট্রীয় গণমাধ্যম আরআইএ নভোস্তি।

লাভরভ ও কুলেবার মধ্যকার বৈঠকটির প্রস্তাবক তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী মেভলিত সাভাসগলু। তিনি একটি ত্রিপক্ষীয় বৈঠকের প্রস্তাব দিয়েছেন। অর্থাৎ, লাভরভ ও কুলেবার সঙ্গে বৈঠকে তিনিও অংশ নিতে চান।

এখন পর্যন্ত যে তথ্য জানা গেছে, সে অনুযায়ী বৈঠকটি কাল বৃহস্পতিবার (১০ মার্চ) অনুষ্ঠিত হবে। পরদিন ১১ মার্চ কূটনৈতিক ফোরামের অনুষ্ঠান হওয়ার কথা।

রাশিয়া ও ইউক্রেনের প্রতিনিধিদের মধ্যে বেলারুশ সীমান্তে একাধিক দফার শান্তি আলোচনা ইতিমধ্যে অনুষ্ঠিত হয়েছে। কিন্তু এই আলোচনার অগ্রগতি সামান্য।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত