করোনাভাইরাস মহামারীর কারণে দুই বছর বন্ধ থাকার পর প্রাক-প্রাথমিকের শিক্ষার্থীদের শ্রেণিকক্ষে ক্লাস ১৫ মার্চ থেকে শুরু হচ্ছে। এতদিন প্রাক-প্রাথমিক স্তরের শিক্ষার্থীরদের ভার্চুয়াল পদ্ধতিতে পাঠদান করা হয়।
গতকাল বুধবার সচিবালয়ে মন্ত্রণালয়ের সভাকক্ষে প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী মো. জাকির হোসেনের সভাপতিত্বে এক সভায় এ সিদ্ধান্ত হয়।
প্রাথমিকভাবে সপ্তাহে দুই দিন (রবি ও মঙ্গলবার) ক্লাস হবে। এর আগে ২০ মার্চ থেকে প্রাক-প্রাথমিকের শিক্ষার্থীদের ক্লাস শুরুর কথা বলা হয়েছিল।
সভায় উপস্থিত ছিলেন মন্ত্রণালয়ের সচিব আমিনুল ইসলাম খান, প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক আলমগীর মো. মনসুরুল আলম, অতিরিক্ত সচিব রুহুল আমিন, মোশাররফ হোসেন প্রমুখ। করোনাভাইরাস সংক্রমণের কারণে ২০২০ সালের ১৭ মার্চ দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ ঘোষণা করেছিল সরকার। দীর্ঘ ১৮ মাস পর গত বছর ১২ সেপ্টেম্বর সব শিক্ষাপ্রতিষ্ঠান সীমিত পরিসরে খুললেও প্রাক-প্রাথমিক প্রতিষ্ঠান খোলা হয়নি। এরপর নতুন করে করোনা সংক্রমণ বেড়ে যাওয়ায় গত ২১ জানুয়ারি আবার শিক্ষাপ্রতিষ্ঠানে ছুটি ঘোষণা করে সরকার; যা ২১ ফেব্রুয়ারি পর্যন্ত ছিল। এর মধ্যে মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক ও উচ্চ শিক্ষাপ্রতিষ্ঠানগুলো ২২ ফেব্রুয়ারি খুলে দেওয়া হয়। গত ২ মার্চ থেকে প্রাথমিক বিদ্যালয়ে শ্রেণিকক্ষে স্বাস্থ্যবিধি মেনে শিক্ষার্থীদের পাঠদান শুরু হয়েছে।
