‘তামিম আমার সঙ্গে খারাপ কিছু করেছে’ লিখে স্কুলছাত্রীর আত্মহত্যা

আপডেট : ১১ মার্চ ২০২২, ০৬:১৩ পিএম

জামালপুরের মেলান্দহে দশম শ্রেণির এক স্কুলছাত্রীকে শ্লীলতাহানি করা হয়েছে এমন অভিযোগ এনে ওই ছাত্রী আত্মহত্যা করেছেন।

বৃহস্পতিবার উপজেলার পূর্ব শাহাজাতপুরে তামিম আহম্মেদ স্বপন (২৫) নামে এক যুবকের বিরুদ্ধে চিরকুট লিখে তিনি আত্মহত্যা করেন। শুক্রবার এ ঘটনায় মেলান্দহ থানায় মামলা দায়ের হয়েছে।

নিহত স্কুলছাত্রীর নাম আশামনি; তিনি মালঞ্চ এম এ গফুর উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্রী এবং পূর্ব শাহাজাতপুরের মো. আবু মিয়া কন্যা।

অভিযুক্ত তামিম আহম্মেদ মেলান্দহের সাধুপুর কান্দাপাড়া গ্রামের বাসিন্দা।

পুলিশ ও ওই স্কুলছাত্রীর পরিবারের সদস্যরা জানায়, অভিযুক্ত তামিম ওই স্কুলছাত্রীকে স্কুলে যাতায়াতের পথে উত্ত্যক্ত করতেন। বৃহস্পতিবার সকালে তামিম আশামনির কয়েকজন সহপাঠীকে দিয়ে প্রাইভেটের কথা বলে মোবাইলে বাড়ি থেকে ডেকে নেন। পরে সাধুপুরের কান্দাপাড়ার একটি বাড়িতে দিনভর আটকে রেখে শ্লীলতাহানি করেন। পরে বিকেল ৩টায় আশামনি বাড়ি ফিরে স্বপনকে অভিযুক্ত করে চিরকুট লিখে নিজ ঘরে সিলিংয়ের সঙ্গে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন।

পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জামালপুর জেনারেল হাসপাতালের মর্গে পাঠায়।

ঘটনার পর আশামনির ঘর থেকে দুটি চিরকুট উদ্ধার করা হয়। চিরকুটে লেখা ছিল, ‘তামিম আমাকে সারা দিন এক রুমে আটকাইছে। তামিম আমাকে খুব ডিস্টার্ব করত। ও আমার সঙ্গে খুব খারাপ কিছু করেছে যা বলার মত না।’

ঘটনার পর থেকে তামিম ও তার পরিবারের সদস্যরা পলাতক রয়েছে। তাদের সঙ্গে কোনো মাধ্যমেও যোগাযোগ করা সম্ভব হয়নি।

মেলান্দহ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এম এম ময়নুল ইসলাম জানান, এই ঘটনায় আশামনির বাবা আবু মিয়া শুক্রবার থানায় একটি অভিযোগ দায়ের করেছেন। আসামিকে গ্রেপ্তারে অভিযান চলছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত