ফখরুল বললেন

নতুন নীতিমালায় প্রাইভেসি বলতে কিছু থাকবে না

আপডেট : ১৫ মার্চ ২০২২, ০৩:৩৪ এএম

আজ দেশের মানবাধিকার পরিস্থিতি এমন একপর্যায়ে চলে গেছে যেখানে মানুষের কথা বলার কোনো স্বাধীনতা নেই বলে অভিযোগ করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেছেন, ‘ডিজিটাল সিকিউরিটি আইনের মধ্যে আবার নতুন নীতিমালা তৈরি করা হয়েছে। এই নীতিমালার বাস্তবায়ন হলে আমরা মোবাইলে যে কথা বলি, সে কথাও নিয়ন্ত্রণ করা সম্ভব হবে।’

গতকাল সোমবার জাতীয় প্রেস ক্লাবে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমদের প্রথম মৃত্যুবার্ষিকী উপলক্ষে স্বাধীনতা ফোরাম আয়োজিত এক স্মরণ সভায় তিনি এসব কথা বলেন।

গতকাল সোমবার মন্ত্রিসভার বৈঠকে ডিজিটাল সাক্ষ্য-প্রমাণ আদালতের বিবেচনায় নেওয়ার বিধান রেখে ‘এভিডেন্স (অ্যামেন্ডমেন্ট) অ্যাক্ট, ২০২২’-এর খসড়ায় নীতিগত অনুমোদন দেওয়া হয়। এর প্রতিক্রিয়ায় মির্জা ফখরুল বলেন, ‘আমাদের প্রাইভেসি বলতে কিছু থাকবে না। তাই আমাদের এই জাতিকে যদি রক্ষা করতে হয়, তাহলে ১৯৭১ সালে যে আশা-আকাক্সক্ষা নিয়ে অগণিত মানুষ যারা প্রাণ দিয়েছেন, তাদের স্বপ্ন বাস্তবায়ন করতে হলে অবশ্যই সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে। সমস্ত জাতিকে ঐক্যবদ্ধ করতে হবে। রাজনৈতিক দলগুলোকে ঐক্যবদ্ধ করে গণ-অভ্যুত্থানের মাধ্যমে এই ভয়াবহ ফ্যাসিস্ট দানবীয় সরকারকে পরাজিত করে জনগণের সরকার প্রতিষ্ঠা করতে হবে।’

তিনি বলেন, ‘সরকার একটা নির্বাচন কমিশন গঠন করেছে। উদ্দেশ্য একটাই যাতে আগের মতো নির্বাচন করা যায়। কিন্তু দেশের জনগণ এটা শুনবে না, মানবে না। দেশের জনগণ এবার রুখে দাঁড়াবে। দেশের জনগণ কখনো পরাজিত হয়নি।’

আলোচনা সভার পর প্রয়াত নেতার আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। গত বছরের ১৬ মার্চ মওদুদ আহমদ (৮১) সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালে মারা যান।

মির্জা ফখরুল বলেন, ‘দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির বিষয়টাকে আড়াল করতে সরকার জিডিপির শুভংকরের ফাঁকি দেখাচ্ছে। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির কারণে দেশের সাধারণ মানুষের জীবন দুর্বিষহ হয়ে উঠছে। অন্যদিকে সরকার সেটি সম্পূর্ণভাবে অস্বীকার করছে এবং মন্ত্রীরা হেসে হেসে বলে যে আরে, দাম যেমন বেড়েছে, আয়ও তো বেড়েছে। কার আয় বেড়েছে?’

মওদুদ আহমদ সম্পর্কে তিনি বলেন, ‘মওদুদ আহমদ মুক্তিযোদ্ধা ছিলেন। মুক্তিযুদ্ধে তার অনেক অবদান রয়েছে। আজকাল অবশ্য জ্ঞানের খুব বেশি একটা গুরুত্ব দেওয়া হয় না। রাজনীতিতে জ্ঞানীকেও বেশি গুরুত্ব দেওয়া হয় না। বর্তমান সময় হচ্ছে একটা নষ্ট রাজনীতির সময়। এখানে কোনো জ্ঞানী লোককে সুযোগই দেওয়া হয় না। নামও উচ্চারণ করা হয় না। এই যে আজকে পল্লীকবি জসীমউদ্দীনের মৃত্যুবার্ষিকী, আমরাও কিন্তু তাকে স্মরণ করিনি। অথচ তিনি এ দেশের সবচেয়ে জনপ্রিয় কবি।’

সংগঠনটির সভাপতি আবু নাসের মুহাম্মদ রহমাতুল্লাহর সভাপতিত্বে স্মরণসভায় বক্তব্য দেন ঢাকা বিশ^বিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক আনোয়ারুল্লাহ চৌধুরী, বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য জয়নুল আবদিন ফারুক, আমান উল্লাহ আমান, আবদুস সালাম, কেন্দ্রীয় নেতা শামসুর রহমান শিমুল বিশ^াস, শহিদ উদ্দিন চৌধুরী এ্যানি, শামীমুর রহমান শামীম, নিপুণ রায় চৌধুরীসহ স্বাধীনতা ফোরামের নেতারা।

এদিকে গতকাল গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে বিএনপি মহাসচিব বলেন, ‘দ্রব্যমূল্যের সীমাহীন ঊর্ধ্বগতির প্রতিবাদে লিফলেট বিতরণের সময় ফেনীর পাঁচগাছিয়ায় বিএনপির নেতাকর্মীদের ওপর আওয়ামী সশস্ত্র সন্ত্রাসীরা হামলা করেছে। বিএনপির নেতাকর্মীদের ওপর বেপরোয়া হামলা ও খুন, জখমে মেতে উঠেছে আওয়ামী গুণ্ডাবাহিনী।’

×
সর্বশেষ সর্বাধিক পঠিত