বাংলাদেশ পুলিশ ব্যাডমিন্টন চ্যাম্পিয়নশিপ-২০২১ এর ফাইনালের চূড়ান্ত ম্যাচ অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার রাতে রাজধানীর মগবাজারে করিম গ্রুপের ইনডোর হলে এই ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হয়।
প্রতিযোগিতায় অফিসারদের দলের সংখ্যা ছিল ২১টি এবং ফোর্সের ১৮টি।
হাইওয়ে রেঞ্জের অতিরিক্ত আইজি ও বাংলাদেশ পুলিশ ব্যাডমিন্টন ক্লাবের সভাপতি মল্লিক ফখরুল ইসলাম প্রধান অতিথি হিসেবে খেলা উপভোগ করেন ও বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন।
অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে অতিরিক্ত ডিআইজি ও বাংলাদেশ পুলিশ ব্যাডমিন্টন ক্লাবের সহসভাপতি মো. রেজাউল হক অতিরিক্ত ডিআইজি (প্রশাসন) ও বাংলাদেশ পুলিশ ব্যাডমিন্টন ক্লাবের সাধারণ সম্পাদক মো. মাসুদুর রহমান উপস্থিত ছিলেন।
চূড়ান্ত খেলায় নারী এককে ২-০ সেটে এপিবিএনের কনস্টেবল জেসমিন চ্যাম্পিয়ন এবং স্পেশাল ব্রাঞ্চের কনস্টেবল মুনজিলা রানার আপ হয়েছেন।
পুরুষ এককে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছেন এপিবিএনের কনস্টেবল ফাহিম। রানার আপ হয়েছে ডিএমপির কনস্টেবল শাহীন।
নারী দ্বৈতে ২-০ সেটে এপিবিএনের কনস্টেবল জেসমিন ও কনস্টেবল তোহা চ্যাম্পিয়ন এবং ডিএমপির কনস্টেবল সুফিয়া ও কনস্টেবল হিমু রানার আপ হয়েছেন।
পুরুষ দ্বৈতে ২-০ সেটে এপিবিএনের কনস্টেবল ফাহিম ও কনস্টেবল সানী চ্যাম্পিয়ন এবং ডিএমপির কনস্টেবল তরিকুল ও কনস্টেবল আমজাদ রানার আপ হয়েছে।
অফিসারদের দ্বৈততে দুদকে কর্মরত অতিরিক্ত পুলিশ সুপার এ. কে. এম. মাহাবুবুর রহমান ও ইন্সপেক্টর রূপম চ্যাম্পিয়ন হয়েছেন। রানার আপ হয়েছেন সিলেট মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত ডিআইজি শফিকুল ইসলাম ও ইন্সপেক্টর পারভেজ।
পরে প্রধান অতিথি বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন।
