মুক্তি পেয়েই রেকর্ড গড়ল সুপারস্টার পুনীতের শেষ ছবি!

আপডেট : ১৯ মার্চ ২০২২, ০৪:৩১ পিএম

হৃদ্‌রোগে আক্রান্ত হয়ে গেল বছরের ২৯ অক্টোবর মাত্র ৪৬ বছর বয়সে মারা যান ভারতের কন্নড় সিনেমা ইন্ডাস্ট্রির তুমুল জনপ্রিয় অভিনেতা পুনীত রাজকুমার। মৃত্যুর প্রায় পাঁচ মাস পর মুক্তি পেল তার অভিনীত শেষ সিনেমা ‘জেমস’। ১৭ মার্চ, বৃহস্পতিবার ভারতের ৪০০টি স্ক্রিনে একসঙ্গে মুক্তি পেয়েছে পুনীত অভিনীত শেষ সিনেমা ‘জেমস’। মুক্তির প্রথম দিনেই যেটি জাদু দেখিয়েছে বক্স অফিসে!

জানা গেছে, মাত্র ৬০ কোটি রুপি বাজেটের ‘জেমস’ ছবিটি মুক্তির প্রথম দিনে আয় করেছে ১৬-১৮ কোটি রুপি। যেটি কন্নড় সিনেমার ইতিহাসে প্রথম দিনের আয়ের দিক থেকে নতুন রেকর্ড!

‘জেমস’-এ পুনীতের বিপরীতে অভিনয় করেছেন প্রিয়া আনন্দ। এছাড়াও সিনেমাটিতে আরও অভিনয় করেন অবিনাশ, শরৎ কুমার, শ্রীকান্ত আদিত্য মেনন, সাধু কোকিলা এবং অনু প্রভাকরের মতো তারকারা।

অ্যাকশন থ্রিলার ঘরানার সিনেমাটি পরিচালনা করেছেন চেতন কুমার এবং প্রযোজনা করেছেন কিশোর পথিকোন্ডা। জানা গেছে হিন্দি, কন্নড়, মালায়ালাম, তামিল এবং তেলেগু এই পাঁচটি ভাষায় মুক্তি পেয়েছে সিনেমাটি। এর আগে চলতি বছরের ২৬ জানুয়ারি ‘জেমস’র টিজার প্রকাশিত হয়। সে সময়ও এই পাঁচটি ভাষাতেই টিজার প্রকাশ করা হয়েছিল।

শিশু অভিনেতা হিসেবে ক্যারিয়ার শুরু করেছিলেন পুনীত রাজকুমার। ১২টি সিনেমায় শিশুশিল্পী হিসেবে কাজ করেছেন তিনি। পেয়েছেন ভারতের জাতীয় চলচ্চিত্র পুরস্কারও। ২০০২ সালে ‘আপ্পু’ সিনেমায় অভিনয় করে তুমুল জনপ্রিয়তা পান প্রয়াত এই অভিনেতা।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত