কক্সবাজার সমুদ্র সৈকতের কলাতলী পয়েন্টে বিপুল পরিমাণ মৃত মাছ ভেসে এসেছে।
শনিবার সন্ধ্যায় ভাটার সময় এসব মৃত মাছ ভেসে আসতে থাকে।
স্থানীয়রা জানিয়েছেন, কলাতলী সৈকতের আধা-কিলোমিটার এলাকাজুড়ে ভেসে আসা ছোট আকৃতির এসব মাছ স্থানীয়দের কাছে ‘চামিলা’ হিসেবে পরিচিত। তবে এই মাছের বাংলায় শুদ্ধ নাম ও বৈজ্ঞানিক নাম সম্পর্কে কেউ নিশ্চিত করতে পারেননি।
প্রত্যক্ষদর্শীরা জানান, সন্ধ্যার পরে জোয়ার শুরু হলে মৃত মাছগুলোর বেশির ভাগই সাগরে চলে যায়। তবে স্থানীয়দের ধারণা, ভাটার সময় আবারও মাছগুলো ভেসে আসতে পারে।
বাংলাদেশ সমু্দ্র গবেষণা ইনস্টিটিউটের ঊর্ধ্বতন বৈজ্ঞানিক কর্মকর্তা আবু সাইদ মো. শরীফ বলেন, ‘ঘটনাস্থল পরিদর্শন করে এবং মানুষের সঙ্গে কথা বলে প্রাথমিকভাবে যতটুকু জেনেছি তা হল- সাগরে কোনো ধরনের পরিবেশ দূষণ হয়নি। কারণ, পরিবেশ দূষণ হলে মাছের সঙ্গে অন্যান্য সামুদ্রিক পোকা মাকড়ও মারা যেত। তবে মাছগুলো কোনো জেলের ফিশিং দুর্ঘটনায় ভেসে আসতে পারে।
তিনি বলেন, ঘটনাস্থলে বৈজ্ঞানিক কর্মকর্তারা কাজ করছেন। আরও পরীক্ষা-নিরীক্ষা করে বিস্তারিত জানা যাবে।
