পোল্যান্ড যাচ্ছেন বাইডেন

আপডেট : ২২ মার্চ ২০২২, ০৬:৪১ এএম

বাল্টিক দেশগুলোতে কমলা হ্যারিসকে পাঠিয়েও খুব একটা সুবিধা করতে পারেননি যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন। তাই এবার তিনি নিজেই পোল্যান্ড যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন। হোয়াইট হাউজের পক্ষ থেকে জানানো হয়েছে, আগামী শুক্রবার তিনি পোল্যান্ড সফর করবেন। এর আগের দিন ব্রাসেলসে তিনি ন্যাটো জোট ও ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) নেতাদের সঙ্গে বৈঠক করবেন। বিবিসি জানিয়েছে, ওয়ারশতে পোল্যান্ডের প্রেসিডেন্ট আন্দ্রে দুদার সঙ্গে বৈঠক করবেন বাইডেন। ইউক্রেনের যুদ্ধে মানবিক সহায়তা নিয়ে কথা বলবেন তিনি। যুদ্ধের কারণে ইউক্রেন ছেড়ে যাওয়া প্রায় অর্ধেক মানুষ সীমান্তবর্তী দেশ পোল্যান্ডে আশ্রয় নিয়েছে। হোয়াইট হাউজ বলেছে, ‘রাশিয়ার অন্যায্য ও বিনা প্ররোচনায় চাপিয়ে দেওয়া যুদ্ধে ইউক্রেনে সৃষ্ট মানবিক এবং মানবাধিকার সংকট আমাদের মিত্র ও অংশীদারদের নিয়ে যুক্তরাষ্ট্র কীভাবে মোকাবিলা করবে প্রেসিডেন্ট সে বিষয়ে আলোচনা করবেন।’ গতকাল ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ, জার্মানির চ্যান্সেলর ওলাফ শলৎজ, ইতালির প্রধানমন্ত্রী মারিও দ্রাঘি ও যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী বরিস জনসনের সঙ্গে বাইডেনের ফোনালাপের কথা রয়েছে।

ন্যাটো সামরিক জোট, ইউরোপীয় কাউন্সিল এবং জি-সেভেনের বৈঠকে অংশ নিতে আগামী বুধবার ব্রাসেলস যাবেন বাইডেন। তবে এই সফরে তার ইউক্রেন সফরের কোনো পরিকল্পনা নেই বলে হোয়াইট হাউজের মুখপাত্র জানিয়েছেন। ইউক্রেনে রাশিয়ার হামলা শুরুর পর প্রথমবারের মতো ইউরোপ সফরে যাচ্ছেন বাইডেন। ইউক্রেনে রুশ হামলার অন্যতম ইস্যু ছিল কিয়েভের ন্যাটো জোটের সদস্য হওয়ার পদক্ষেপ। ইউক্রেনের ন্যাটো জোটের সদস্য হওয়া নিজেদের নিরাপত্তার জন্য হুমকি হিসেবে নিয়ে সামরিক অভিযান শুরু করে রাশিয়া।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত