দেশের অগ্রগতি বিএনপির ওপর চপেটাঘাত : তথ্যমন্ত্রী

আপডেট : ২২ মার্চ ২০২২, ০৬:৫৪ এএম

সুখী দেশের তালিকায় বাংলাদেশের ৭ ধাপ অগ্রগতি বিএনপি’র অপপ্রচারের ওপর চপেটাঘাত বলে মন্তব্য করেছেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড. হাছান মাহমুদ। তিনি বলেছেন, ‘মির্জা ফখরুল সাহেব সম্প্রতি প্রেস ক্লাবে বক্তব্যে বলেছেন, দেশের মানুষ অসুখী, নয়াপল্টনে বলেছেন, দেশের মানুষ ভালো নেই। আবার গয়েশ্বর রায় বলেছেন, দেশের মানুষ ভালো নেই, খন্দকার মোশাররফ সাহেব বলেছেন, দেশের মানুষ খুব কষ্টে আছে। তাদের ক্রমাগত এই বলার মধ্যেই জাতিসংঘের সুখী ইনডেক্স রিপোর্টে বাংলাদেশ ৭ ধাপ এগিয়েছে।’

গতকাল সোমবার দুপুরে রাজধানীতে জাতীয় প্রেস ক্লাবে প্রয়াত রাষ্ট্রপতি মো. জিল্লুর রহমানের ৯ম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আলোচনা সভায় সমসাময়িক প্রসঙ্গে এসব কথা বলেন তিনি।

তথ্যমন্ত্রী বলেন, ‘শুধু বিএনপি নয় আরেকটি পক্ষ আছে যারা মনে করে তারা খুব জ্ঞানী এবং সেটা প্রমাণ করার জন্য শুধু ভুল ধরা ছাড়া তাদের অন্য কোনো কাজ নেই। তারা জনগণকে পাঁচটি টাকাও দেয় না, জনগণের পাশে দাঁড়ায় না, এই করোনাকালে দুরবিন দিয়েও কারও পাশে দাঁড়াতে আমরা দেখিনি। ঘূর্ণিঝড় বা নানা সংকটের সময় কোথাও তাদের দেখা যায় না কিন্তু মাঝে মধ্যে তারা হঠাৎ হঠাৎ একটা রিপোর্ট প্রকাশ করে। সিপিডি আসলে কোনো গবেষণা করে না, তারা সময়ে সময়ে রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত রিপোর্ট পেশ করে।

তিনি আরও বলেন, ‘ইউরোপে যখন কয়েক দশকের মধ্যে খাদ্যপণ্যের দাম সর্বোচ্চ, সেখানে রুটির দাম বেড়েছে ৮০ শতাংশ, চালের দামও বেড়েছে, আমেরিকাতেও খাদ্যপণ্যের দাম বেড়েছে। ভারত, পাকিস্তানসহ সারা দুনিয়াতেই করোনা এবং যুদ্ধের কারণে দাম বেড়েছে। বাংলাদেশে কিছুটা বেড়েছে কিন্তু তাদের তুলনায় কম। অথচ সিপিডি বলছে উল্টো কথা। ভুল তথ্য উপস্থাপন করে তারা যে জ্ঞানী এটা প্রমাণ করতে চায়।’

এর আগে প্রয়াত রাষ্ট্রপতি জিল্লুর রহমানের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে ড. হাছান মাহমুদ বলেন, ‘আপাদমস্তক ভালো মানুষ জিল্লুর রহমান রাজনীতিকে দেশসেবা ও সমাজ পরিবর্তনের ব্রত হিসেবে নিয়েছিলেন। তার কাছে অনেক কিছু শেখার আছে। আমাদের দলের সংকটকালে জিল্লুর রহমানের ভূমিকা আমাদের দলের ইতিহাসে তো বটেই বাংলাদেশের রাজনীতির ইতিহাসে অমøান থাকবে।

পানিসম্পদ উপমন্ত্রী এনামুল হক শামীম বলেন, ‘প্রয়াত রাষ্ট্রপতি জিল্লুর রহমান নেতা এবং মানুষ দুই হিসেবেই বড় মাপের ছিলেন। তিনি দেশের কল্যাণে রাজনীতি করেছেন।’

জিল্লুর রহমান পরিষদের সভাপতি ও বাংলাদেশ সংবাদ সংস্থার পরিচালনা পরিষদের চেয়ারম্যান অধ্যাপক আ আ ম স আরেফিন সিদ্দিকের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মো. আখতারুজ্জামানের সঞ্চালনায় সভায় আরও স্মৃতিচারণ করেন ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সহ-সভাপতি দিলীপ কুমার রায়, আওয়ামী লীগ নেতা এম এ করিম, বঙ্গমাতা পরিষদের সভাপতি শেখ শাহ আলম প্রমুখ।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত