দিনাজপুর-৫ (পার্বতীপুর-ফুলবাড়ী) আসনের সংসদ সদস্য ও সাবেক মন্ত্রী অ্যাডভোকেট মোস্তাফিজুর রহমান ফিজার এমপির বিরুদ্ধে আনীত অভিযোগকে মিথ্যা বানোয়াট ভিত্তিহীন ও উদ্দেশ্যমূলক দাবি করে এর প্রতিবাদ জানিয়েছেন আওয়ামী লীগের পার্বতীপুর উপজেলা শাখা ও এর অঙ্গসংগঠনের নেতারা।
বুধবার বেলা ১১টায় পার্বতীপুর উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন পার্বতীপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব মো. হাফিজুল ইসলাম প্রামাণিক।
লিখিত বক্তব্যে তিনি বলেন, মোস্তাফিজুর রহমান ফিজার এমপি টানা ৭ বারের মতো সংসদ সদস্য নির্বাচিত হয়ে সুনামের সঙ্গে দায়িত্ব পালন করে আসছেন।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার কাজে খুশি হয়ে তাকে দুই দুইবার মন্ত্রিসভায় স্থান দিয়েছিলেন। একটি কুচক্র মহল এর আগেও নির্বাচনের পূর্ব মুহূর্তে তাকে জড়িয়ে নানা ভিত্তিহীন মানহানিকর অপপ্রচার চালিয়ে তার মান-মর্যাদা ক্ষুণ্ন করার চেষ্টা চালিয়েছিল। আমরা এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি এমএ ওহাব সরকার, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আমজাদ হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাক সরদার, সহ-দপ্তর সম্পাদক মমিনুল ইসলাম মাস্টার, পার্বতীপুর মুক্তিযোদ্ধা কমপ্লেক্স পরিচালনা কমিটি সদস্য ও সাবেক কমান্ডার রিয়াজ মাহমুদ, উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ প্রমুখ।
