২৪ মার্চ বাংলাদেশের ইতিহাসে একটি কালো অধ্যায়: মির্জা ফখরুল

আপডেট : ২৩ মার্চ ২০২২, ০৮:৩৯ পিএম

স্বৈরশাসক এরশাদের সঙ্গে আঁতাত করে বর্তমান অগণতান্ত্রিক শাসকগোষ্ঠী পুনরায় বহুমাত্রিক গণতন্ত্রের পথচলাকে আটকে দিয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

তিনি বলেছেন, ‘১৯৮২ সালের ২৪ মার্চ বাংলাদেশের ইতিহাসে একটি কালো অধ্যায়। এ দিনে তৎকালীন সেনাপ্রধান এরশাদ জনগণের ভোটে নির্বাচিত রাষ্ট্রপতি ও সরকারকে বন্দুকের নলের মুখে অবৈধভাবে ক্ষমতাচ্যুত করে বহুদলীয় গণতন্ত্র হত্যা করেন।’

বুধবার বিকেলে ‘কালো দিবস’ উপলক্ষে গণমাধ্যমে দেওয়া এক বাণীতে তিনি এসব কথা বলেন।

মির্জা ফখরুল বলেন, ‘সংবিধান স্থগিত করে কেড়ে নেওয়া হয়েছিল বাক্, ব্যক্তি, বিবেক, মুদ্রণ ও সমাবেশের স্বাধীনতাসহ সব নাগরিক স্বাধীনতা। স্বৈরাচার এরশাদের অবৈধ ক্ষমতা দখলের এ দিনটি জাতির ইতিহাসে ‘কালো দিবস’ হিসেবে চিহ্নিত।’

তিনি বলেন, ‘গণতান্ত্রিক রাষ্ট্রসমূহে স্বাধীন মতপ্রকাশের অধিকারকে জোরালোভাবে স্বীকৃতি দেওয়া হয়। অথচ ১৯৮২ সালের ২৪ মার্চ স্বৈরাচার এরশাদ অবৈধভাবে রাষ্ট্র ক্ষমতা দখল করে ইতিহাসের নির্লজ্জ স্বৈরতন্ত্র কায়েম করেন। এরশাদ কেবলমাত্র ক্ষমতা দখল করে ক্ষান্ত থাকেননি বরং জনগণের ওপর নির্যাতন চালিয়ে দীর্ঘ ৯ বছর দেশবাসীকে এক চরম দুর্বিষহ অবস্থার মধ্যে নিক্ষেপ করেন।’

বিএনপি মহাসচিব বলেন, ‘স্বৈরশাসক এরশাদের সঙ্গে অভিন্ন বৈশিষ্ট্যের বর্তমান অগণতান্ত্রিক শাসকগোষ্ঠীর আঁতাত পুনরায় বহুমাত্রিক গণতন্ত্রের পথচলাকে আটকে দিয়ে দেশের মানুষকে খাঁচায় বন্দী করেছে। দেশে সব নাগরিক স্বাধীনতা সম্পূর্ণভাবে হরণ করা হয়েছে। বারবার যিনি গণতন্ত্রকে স্বৈরাচারের বন্দিশালা থেকে মুক্ত করেছেন সেই আপসহীন নেত্রী খালেদা জিয়াকে মিথ্যা মামলায় গৃহবন্দী করে রাখা হয়েছে।’

দল, মত, শ্রেণি ও পেশা নির্বিশেষে সব পর্যায়ের মানুষকে ঐক্যবদ্ধভাবে বর্তমান দুঃসহ দুঃশাসন থেকে মুক্তি দিতে সংগ্রামী অভিযাত্রায় শামিল হওয়ার আহ্বান জানান মির্জা ফখরুল।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত