তৃতীয় ওয়ানডে না খেলেই দেশে ফিরবেন বলে বিমানের টিকিটও কিনেছিলেন সাকিব আল হাসানের। তবে অসুস্থ পরিবারের সদস্যের পাশে থাকার চিন্তা বাদ দিয়ে দেশের হয়ে গুরুত্বপূর্ণ শেষ ওয়ানডে খেলতে দক্ষিণ আফ্রিকায় থেকে যান। ঐতিহাসিক সিরিজ জিতে আজই দেশে ফিরছেন সাকিব। তার সঙ্গে ওয়ানডে সিরিজের দলে থাকা বাকি চার ক্রিকেটারও ফিরছেন।
দেশে সাকিবের মা ও তিন সন্তানসহ পরিবারের মোট পাঁচ সদস্য হাসপাতালে ভর্তি। তাদের অবস্থা আগের চেয়ে ভালো। তাদের শারীরিক অবস্থা বুঝে প্রয়োজনে সাকিব আবার দক্ষিণ আফ্রিকা রওনা হবেন। ২৪ থেকে ৩১ মার্চ, টেস্ট সিরিজ শুরুর আগে ৮ দিন বিরতি থাকায় সিদ্ধান্ত নেওয়ার সুযোগ পাবেন সাকিব। কিছুদিনের ছুটি থেকে ফিরেই ম্যাচ খেলা কঠিন হবে। তাই ৩১ মার্চ থেকে শুরু হওয়া প্রথম টেস্টে সাকিবের না খেলার সম্ভাবনাই বেশি। সব ঠিক থাকলেও ৮ এপ্রিলের দ্বিতীয় টেস্টে দেখা যাবে বাংলাদেশ অলরাউন্ডারকে। সাকিবের সঙ্গে আজ ফিরছেন মাহমুদউল্লাহ, আফিফ হোসেন, নাসুম আহমেদ ও মোস্তাফিজুর রহমান। এই চারজন টেস্ট দলে নেই। ২৬ মার্চ থেকে শুরু আইপিএলে যোগ দিতে মোস্তাফিজের সরাসরি ভারতে যাওয়ার সম্ভাবনা বেশি। তবে সহধর্মিণীকে নিয়ে গেলে বাংলাদেশ হয়ে ভারত যাবেন মোস্তাফিজ।
রাজস্থান রয়্যালস ছেড়ে এবার দিল্লি ক্যাপিটালসে খেলবেন মোস্তাফিজ।
