ভ্রাম্যমাণ আদালতের মাইক্রোবাসের ধাক্কায় স্কুলছাত্রীর মৃত্যু

আপডেট : ২৪ মার্চ ২০২২, ০৪:৪৫ পিএম

মাদারীপুর ভ্রাম্যমাণ আদালতে মাইক্রোবাসের চাপায় আয়েশা আক্তার (৯) নামে এক স্কুলছাত্রীর মৃত্যু হয়েছে। স্কুল থেকে বাবার সঙ্গে বাড়ি ফেরার সময় তার মৃত্যু হয়।

বৃহস্পতিবার দুপুরে মাদারীপুর শহরের মহাসড়কের চৌরাস্তা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

আয়েশা আক্তার সদর উপজেলার পাঁচখোলা ইউনিয়নের মহিষেরচর এলাকার জাহাঙ্গীর মাতুব্বরের মেয়ে। এবং চৌরাস্তা এলাকায় জাগরণী ফাউন্ডেশন নামে একটি স্কুলের চতুর্থ শ্রেণির ছাত্রী।

আয়েশার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে মাদারীপুর সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার মো. সাইফুল ইসলাম বলেন, সড়ক দুর্ঘটনায় আয়েশা নামে এক শিশুকে হাসপাতালে আনা হয়েছিল। তাকে আমরা চিকিৎসার জন্য ভর্তি করি। ভর্তি করারা ১০ মিনিটের মধ্যে শিশুটি মারা যায়। অতিরিক্ত রক্তক্ষরণের জন্যই শিশুটি মারা গেছে ।

প্রত্যক্ষদর্শীরা জানায়, আয়েশা মহিষেরচর এলাকা থেকে তার বাবার ভ্যানে করে স্কুলে যাচ্ছিল। স্কুলে যাওয়ার পথে শহরের চৌরাস্তা এলাকার মাতুব্বর এন্টারপ্রাইজের কাছে আসলে পেছন থেকে দ্রুতগতিতে আসা একটি ভ্রাম্যমাণ আদালতের সাদা মাইক্রোবাস ভ্যানটির পাশে ধাক্কা দেয়। এতে ভ্যানটি উল্টিয়ে আয়েশা নিচে চাপা পড়ে গেলে তাকে উদ্ধার করে মাদারীপুর সদর হাসপাতালে ভর্তি করা হলে মারা যায়।

সিসিটিভি ফুটেজ দেখে স্থানীয়রা নিশ্চিত করেছেন ওই মাইক্রোবাসটি ভ্রাম্যমাণ আদালতের।

এ বিষয় মাদারীপুর সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট লুবনা আহমেদ লুনা বলেন, আমি ওই গাড়িতে ছিলাম কিন্তু আমাদের গাড়িতে ধাক্কা লাগেনি। ভ্যানটি সাইট দিতে গিয়ে উল্টে পড়ে যায়। আমরা অবশ্য পরে নেমে কাছে গিয়েছিলাম।

মাদারীপুর অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম) চাইলাউ মারমা বলেন, সাদা একটি মাইক্রোবাসের ধাক্কায় আয়েশা নামে এক শিশুর মারা যাওয়ার কথা শুনেছি। তবে মাইক্রোবাসটিকে এখনো শনাক্ত করতে পারিনি। অভিযোগ পেলে আইনগতভাবে ব্যবস্থা গ্রহণ করব।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত