বিশ্বকাপ বাছাইয়ে বাস্তিয়ান শোয়ানস্টাইগারের সমর্থনটা ছিল ইতালির প্রতি। কিন্তু সাবেক জার্মান মিডফিল্ডারের স্বপ্ন পূরণ হয়নি। উত্তর মেসেডোনিয়ার বিপক্ষে অতিরিক্ত সময়ে গোলহজম করে আরেকবার বিশ্বকাপের বাছাইপর্ব থেকে ঘরে ফিরতে হলো আজ্জুরিদের।
বাছাইপর্বের আরেক ম্যাচে ঘরের মাঠে তুরস্ককে ৩-১ ব্যবধানে হারিয়েছে পর্তুগাল। কাতার বিশ্বকাপের টিকিট পেতে হলে প্লে-অফের ফাইনালে উ. মেসেডোনিয়াকে হারাতে হবে পর্তুগিজদের।
এই ‘অলিখিত ফাইনালের’ আগে সামাজিক যোগাযোগ মাধ্যমে ক্রিস্টিয়ানো রোনালদোদের সতর্ক করে দিলেন শোয়ানস্টাইগার। কারণ উ. মেসেডোনিয়ার জায়ান্টবধের গল্প নতুন নয়। গত বছর তাদের শিকার হয়েছিল চারবারের বিশ্ব চ্যাম্পিয়ন জার্মানি। যার জন্য আগেভাগে পর্তুগালকে সতর্ক করে দিলেন শোয়ানস্টাইগার।
জার্মানির হয়ে ২০১৪ বিশ্বকাপজয়ী মিডফিল্ডার নিজের অফিশিয়াল ফেসবুক পেজে লেখেন, ‘ঠিক আছে, আমার মনে হচ্ছে গতকাল আমার ভাগ্য ছিল না। দুঃখিত ইতালি। গত বছর তারা জার্মানিকেও হারিয়েছিল… খুবই শক্ত দল। পর্তুগালের সতর্ক হওয়া উচিত।’
