বিচারের দাবিতে মানববন্ধন

সোনাগাজীতে স্কুলের টাকা আত্মসাতের অভিযোগ

আপডেট : ২৭ মার্চ ২০২২, ০৩:২০ এএম

ফেনীর সোনাগাজী উপজেলার দক্ষিণ-পূর্ব চরচান্দিয়া সরকারি প্রাথিমিক বিদ্যালয় সংস্কারের বরাদ্দ, সি্লপ ফান্ড ও শিক্ষার্থীদের উপবৃত্তির টাকা আত্মসাৎ করার অভিযোগে স্কুল পরিচালনা কমিটির সভাপতি এবং প্রধান শিক্ষকের বিচারের দাবিতে মানববন্ধন করেছে এলাকাবাসী ও বিদ্যালয়ের শিক্ষার্থীরা।

গতকাল শনিবার সকালে স্কুল প্রাঙ্গণে মানববন্ধনে স্কুল পরিচালনা কমিটির ৫ সদস্যসহ শিক্ষার্থী ও অভিভাবকরা উপস্থিত ছিলেন। এতে বক্তব্য দেন জসিম উদ্দিন, সৈয়দ আহম্মদ, আকলিমা আক্তার, সালাউদ্দিন নয়ন, আহম্মদ করিম প্রমুখ। বক্তারা শিক্ষার্থীদের উপবৃত্তি ও সিøপ ফান্ডের টাকা আত্মসাৎ করায় স্কুল পরিচালনা কমিটির সভাপতি নাজমুল হাসান এবং প্রধান শিক্ষক অনাথচন্দ্র দাসের বিচার দাবি করেন। এর আগে গত বৃহস্পতিবার অর্থ আত্মসাতের ঘটনা তদন্ত সাপেক্ষে স্কুল পরিচালনা কমিটির সভাপতি ও প্রধান শিক্ষকের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবর লিখিত অভিযোগ দিয়েছেন বিদ্যালয় পরিচালনা কমিটির ওই ৫ সদস্য।

তবে অভিযোগ অস্বীকার করে বিদ্যালয়ের প্রধান শিক্ষক অনাথচন্দ্র দাস ও পরিচালনা কমিটির সভাপতি নাজমুল হাসান বলেন, কয়েকজন অভিভাবক সদস্য কয়েক দিন আগে বিদ্যালয়ে এসে বিভিন্ন বিষয় নিয়ে হুমকি-ধমকি দিয়েছিলেন। এ নিয়ে থানায় অভিযোগ দেওয়া হলে তারা ঘটনা ভিন্ন খাতে নিতে মানববন্ধনের আয়োজন করেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত