আসন্ন পবিত্র রমজান মাসে সরবরাহ স্বাভাবিক রাখতে পেঁয়াজ আমদানির অনুমতি (আইপি) চেয়ে কৃষি মন্ত্রণালয়ে চিঠি পাঠিয়েছে বাণিজ্য মন্ত্রণালয়। আসন্ন পবিত্র ঈদুল ফিতর পর্যন্ত এ অনুমতি চাওয়া হয়েছে। গতকাল রবিবার কৃষি সচিবের কাছে এ সংক্রান্ত চিঠি পাঠানো হয়েছে। চিঠিতে বলা হয়, আগামী ২৯ মার্চ পর্যন্ত পেঁয়াজের আইপি ইস্যু চলমান থাকায় বাজারমূল্য সাম্প্রতিক সময়ে আগের তুলনায় স্থিতিশীল রয়েছে। ২৯ মার্চের পর আইপি ইস্যু না করলে বাজার আবারও অস্থিতিশীল হয়ে ওঠার আশঙ্কা রয়েছে। এ কারণে আসন্ন রমজান মাস উপলক্ষে পেঁয়াজের সরবরাহ চেইন গতিশীল রাখার জন্য ঈদুল ফিতর পর্যন্ত আইপি ইস্যু অব্যাহত রাখা প্রয়োজন। চিঠিতে ঈদুল ফিতর পর্যন্ত আইপি ইস্যু অব্যাহত রাখার বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য অনুরোধ করা হয়।
শীতের শেষে বাজারে দেশি নতুন মুড়িকাটা পেঁয়াজ আসায় স্থানীয় কৃষকের উৎপাদিত পেঁয়াজের ন্যায্যমূল্য নিশ্চিত করে তাদের পেঁয়াজ চাষাবাদে উৎসাহিত করতে গত বছর ২০ ডিসেম্বর ভারত থেকে পেঁয়াজ আমদানির অনুমতি দেওয়া বন্ধ রাখে সরকার। এরপর থেকে বাজারে দেশি মুড়িকাটা পেঁয়াজের সরবরাহ ভালো থাকায় দাম কমতির দিকে ছিল। আমদানি করা পেঁয়াজের চাহিদা তেমন ছিল না। ফলে বন্দর দিয়ে পেঁয়াজের আমদানি কমিয়ে দেন আমদানিকারকরা। তবে মাঘের হঠাৎ বৃষ্টিতে দেশের বিভিন্ন অঞ্চলে পেঁয়াজের ক্ষেত নষ্ট হয়ে উৎপাদন ব্যাহত হয়। এতে বাজারে দেশি পেঁয়াজের সরবরাহ কমায় দাম ঊর্ধ্বমুখী হতে এতে দেশের বাজারে আমদানি করা পেঁয়াজের চাহিদা যেমন বাড়তে থাকে, তেমনি দামও বাড়তে থাকে।
