বঙ্গবন্ধুর স্বপ্নপূরণে দেশ আজ অদম্য : তথ্যমন্ত্রী

আপডেট : ২৮ মার্চ ২০২২, ০৭:২০ এএম

স্বাধীন বাংলাদেশের স্বপ্নদ্রষ্টা ও রূপকার বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্নপূরণে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে আজ দেশ অদম্য গতিতে এগিয়ে চলেছে বলে মন্তব্য করেছেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড. হাছান মাহমুদ। তিনি বলেছেন, ‘স্বাধীনতাবিরোধী সব অপশক্তিকে নস্যাৎ করে দেশকে আমরা সেই স্বপ্নের ঠিকানায় নিয়ে যাব।’ গতকাল রবিবার বিকালে রাজধানীর গুলিস্তানে বঙ্গবন্ধু এভিনিউয়ে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস ২০২২ উপলক্ষে বাংলাদেশ আওয়ামী লীগ আয়োজিত আলোচনা সভায় এসব কথা বলেন তিনি। আওয়ামী লীগ সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে দলের কেন্দ্রীয় নেতৃবৃন্দ এ সময় বক্তব্য রাখেন।

তথ্যমন্ত্রী বলেন, ‘জাতির পিতা বঙ্গবন্ধু ষাটের দশকে নয় বরং পাকিস্তান সৃষ্টির পরপরই উপলব্ধি করেছিলেন যে, পাকিস্তান রাষ্ট্রব্যবস্থায় বাঙালিদের মুক্তি নেই বরং আমাদের ভাষা, সংস্কৃতি, কৃষ্টি, ঐতিহ্য সমস্ত কিছু হুমকির সম্মুখীন। তাই ১৯৪৮ সালে পাকিস্তানের স্বাধীনতা দিবস ১৪ আগস্টের আগে ১২ আগস্ট বিবৃতিতে তরুণ শেখ মুজিব পাকিস্তানের প্রথম স্বাধীনতা দিবস ১৪ আগস্টকে শুধু আনন্দ-উল্লাসের নয় বরং পশ্চিমাদের নাগপাশ থেকে মুক্তির শপথ নেওয়ার দিন হিসেবে পালনের আহ্বান জানিয়েছিলেন। তারপর দীর্ঘ সংগ্রামের পথ বেয়ে ১৯৭১ সালের ৭ মার্চ সোহরাওয়ার্দী উদ্যানে লাখ লাখ মানুষের সভায় বঙ্গবন্ধু স্বাধীনতা ঘোষণাই করে দিয়েছিলেন, শুধু বলেননি বাংলাদেশ স্বাধীন। পাকিস্তানি গোয়েন্দা সংস্থা আইএসআই থেকে কেন্দ্রে রিপোর্ট পাঠানো হয়েছিল যে- চতুর শেখ মুজিব কার্যত পূর্ব পাকিস্তানের স্বাধীনতা ঘোষণা করে দিয়েছেন, কিন্তু আমাদের চেয়ে থাকা ছাড়া করার কিছুই নেই।’

তিনি আরও বলেন, ‘যারা পাকিস্তানের সঙ্গে রাজনীতি করে, যুদ্ধাপরাধীদের সঙ্গে নিয়ে রাজনীতি করে, যুদ্ধাপরাধীদের মন্ত্রিসভায় বসায়, যুদ্ধাপরাধী যারা এই পতাকা চায়নি, তাদের গাড়িতে এই পতাকা লাগিয়ে দেয়, সেটি বিএনপি-জামাত এবং এই অগ্রগতি তাদের পছন্দ হয় না। তাই আজকের এই দিনে আমাদের শপথ হবে স্বাধীনতার সব অপশক্তিকে নস্যাৎ করে শেখ হাসিনার নেতৃত্বে বঙ্গবন্ধুর স্বপ্নপূরণের ঠিকানায় দেশকে নিয়ে যাওয়া।’

×
সর্বশেষ সর্বাধিক পঠিত