জলবায়ু পরিবর্তনের কারণে সৃষ্ট প্রাকৃতিক দুর্যোগে গত ৬ বছরে আর্থিক ক্ষতি হয়েছে ১ লাখ ৭৯ হাজার ১৯৮ কোটি টাকা; যা দেশের মোট জিডিপির ১ দশমিক ৩২ শতাংশ। গতকাল মঙ্গলবার বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো (বিবিএস) প্রকাশিত বাংলাদেশ পরিবেশ পরিসংখ্যান-২০২০-এর প্রতিবেদনে এ তথ্য উঠে আসে।
রাজধানীর আগারগাঁওয়ের এনইসি সম্মেলন কক্ষে প্রতিবেদন প্রকাশ অনুষ্ঠানে জানানো হয়, ৬৪ জেলার ৪ হাজার ২৪০ মৌজার ১ লাখ ২৭ হাজার খানা জরিপের মাধ্যমে এসব তথ্য সংগ্রহ করা হয়। আর জেলাভিত্তিক দুর্যোগবিষয়ক পরিসংখ্যান তৈরিতে প্রতি জেলা থেকে কমপক্ষে ১ হাজার ৩৮০টি খানার তথ্য সংগ্রহ করা হয়।
২০১৫ থেকে ২০২০ সাল পর্যন্ত ৬ বছরে পরিচালিত জরিপে শস্য খাতে ২৮ দশমিক ৯০ শতাংশ, প্রাণিসম্পদে ৩ দশমিক ৯৮ শতাংশ, পোলট্রিতে ১ দশমিক ৫১ শতাংশ, মৎস্য খাতে ৩ দশমিক ৭১ শতাংশ ক্ষতি হয়েছে বলে তথ্য পাওয়া গেছে।
এছাড়া ভূমি অবক্ষয়ে ৫২ দশমিক ৫৬ শতাংশ ও বসতঘর, রান্নাঘর, গোয়ালঘর ও অবকাঠামোতে ৭ দশমিক ৩৮ শতাংশ এবং খানাভিত্তিক সামাজিক বনসহ উঠানের গাছপালায় ১ দশমিক ৯৬ শতাংশ ক্ষতি হয়েছে বলে উল্লেখ করা হয়েছে প্রতিবেদনে।
অনুষ্ঠানে মূল প্রবন্ধ উপস্থাপন করেন পরিবেশ, জলবায়ু পরিবর্তন ও দুর্যোগ পরিসংখ্যান শক্তিশালীকরণ (ইসিডিএস) শীর্ষক প্রকল্পের পরিচালক মো. রফিকুল ইসলাম। তিনি জানান, জলবায়ু পরিবর্তন ছাড়াও বাংলাদেশ আরও প্রাকৃতিক সংকটের মুখোমুখি হয়েছে।
রফিকুল ইসলাম বলেন, ‘গ্রিন হাউজ গ্যাস নিঃসরণ ও ভূপৃষ্ঠের উষ্ণতা বৃদ্ধির প্রভাবে জলবায়ু পরিবর্তন হচ্ছে। ভৌগোলিক অবস্থান ও জলবায়ু পরিবর্তনের কারণে প্রাকৃতিক দুর্যোগ এদেশে একটি নিত্যনৈমিত্তিক ঘটনায় পরিণত হয়েছে। আলোচ্য সময়ে বন্যায় ১০ হাজার ১০৮ কোটি টাকা, নদীভাঙনে ২ হাজার ৬৮ কোটি, ঘূর্ণিঝড়ে ২ হাজার ৫৫ কোটি টাকার ক্ষতি হয়েছে।
প্রতিবেদনে দেখা যায়, জলবায়ুজনিত গত ৬ বছরে পরিবারভিত্তিক ক্ষতি হয়েছে ১ হাজার ৮৮২ কোটি টাকা।
