বগুড়ার সাবেক উপজেলা চেয়ারম্যান হায়দার আলীর ইন্তেকাল

আপডেট : ৩০ মার্চ ২০২২, ০৪:০২ পিএম

বগুড়ার সাবেক সদর উপজেলা চেয়ারম্যান ও রাজশাহী বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদের (রাকসু) সাবেক ভিপি বীর মুক্তিযোদ্ধা হায়দার আলী বুধবার সকাল ৯টায় তার নিজ বাস ভবনে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮১ বছর।

প্রয়াত হায়দার আলী বগুড়ার সর্বমহলে পরিচিত রাজনৈতিক ব্যক্তিত্ব ছিলেন। তিনি শহরের নিশিন্দারা ফকির উদ্দিন স্কুল অ্যান্ড কলেজের প্রতিষ্ঠাতা এবং দীর্ঘদিন প্রতিষ্ঠানের পরিচালনা পর্ষদের সভাপতির দায়িত্বে ছিলেন।

এছাড়াও তিনি শিক্ষা ও সমাজ কল্যাণমূলক প্রতিষ্ঠানের সঙ্গে যুক্ত ছিলেন। তিনি ১৯৯১ সালে আওয়ামী লীগের সভানেত্রী শেখ হাসিনার সঙ্গে সাক্ষাৎ করে আওয়ামী লীগে যোগদান করেন। আমৃত্যু তিনি মুক্তিযুদ্ধের স্বপক্ষের শক্তির হয়ে কাজ করেন।

দীর্ঘদিন ধরেই তিনি হৃদরোগ, ডায়াবেটিকস ও উচ্চ রক্তচাপ জনিত বিভিন্ন অসুখে ভুগছিলেন।

পারিবারিক সূত্রে জানা যায়, বুধবার সকাল ৯টার দিকে তিনি স্নানঘরে হঠাৎ করেই পড়ে গিয়ে জ্ঞান হারান। সঙ্গে সঙ্গে তাকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, দুই পুত্র, দুই মেয়ে, নাতি-নাতনিসহ আত্মীয়-স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন।

বৃহস্পতিবার সকাল ৯টায় উপশহর খেলার মাঠে তার নামাজের জানাজা শেষে শহরের নামাজগড় কবরস্থানে মরদেহ দাফন করা হবে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত