মুম্বাই হাইকোর্ট

অসচ্ছল সাবেক স্বামীর ভরণপোষণ দেবে স্ত্রী

আপডেট : ০২ এপ্রিল ২০২২, ১২:৫৫ এএম

স্ত্রী ঘর ছেড়ে চলে গেলে স্বামী তাকে ভরণপোষণের খরচ দিতে বাধ্য থাকেন। কিন্তু এবার স্ত্রীকে সাবেক স্বামীর ভরণপোষণের খরচ দিতে নির্দেশ দিয়েছে আদালত। শুধু তাই নয়, স্বামীর পাওনা বকেয়া টাকার জন্য স্ত্রীর বেতন থেকে মাসে মাসে টাকা কেটে রাখতেও আদালত নির্দেশ দিয়েছে। গত বৃহস্পতিবার এই আদেশ দিয়েছে ভারতের মহারাষ্ট্রের বোম্বে হাইকোর্ট। সাবেক স্বামীকে ভরণপোষণের খরচ দেওয়ার নির্দেশ পাওয়া ওই নারী একজন স্কুলশিক্ষিকা বলে জানিয়েছে এনডিটিভি। বৃহস্পতিবার বোম্বে হাইকোর্ট মূলত রাজ্যটির নান্দেদ নিম্ন আদালতের আগের আদেশ বহাল রাখে। বোম্বে হাইকোর্ট বলছে, স্কুলশিক্ষিকা স্ত্রীকে অন্তর্বর্তীকালীন ভরণপোষণের খরচ হিসেবে প্রতি মাসে ৩ হাজার টাকা করে তার সাবেক স্বামীকে দিতে হবে। আর ২০১৭ সালের আগস্ট মাস থেকে বকেয়া থাকা ভরণপোষণের খরচ আদায় করতে স্কুলের প্রধান শিক্ষককে নির্দেশ দেওয়া হয়েছে। আদেশ অনুযায়ী মাসে মাসে ওই স্কুলশিক্ষিকার বেতন থেকে ৫ হাজার করে টাকা কেটে নিয়ে আদালতে জমা দিতে হবে। সংবাদমাধ্যম বলছে, সাবেক স্বামীকে ভরণপোষণের খবর দেওয়ার আদেশের সময় বিচারপতি ভারতী ডাংরে ১৯৫৫ সালের হিন্দু বিবাহ আইনের ২৫ নম্বর ধারার কথা উল্লেখ করেছেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত